ইউনিয়ন তথ্যসেবা চালু হয়নি এখনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সারা দেশের মতো গত ১১ নভেম্বর নড়াইলের লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নে তথ্যসেবাকেন্দ্র (ইউআইএসসি) উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগেই ইউনিয়ন পরিষদগুলোতে একটি করে কম্পিউটার দেওয়া হয়। কিন্তু কোনো ইউনিয়নেই তথ্যসেবার কার্যক্রম শুরু হয়নি এখনো। স্থানীয় লোকজন বলছেন, সরকারের এ উদ্যোগের কথা তাঁরা জানেনই না।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একটি কক্ষে ইউআইএসসির কার্যক্রম চলবে। এতে ইন্টারনেট, অল্প খরচে কম্পোজ, প্রিন্টিং, ছবি তোলা ও স্ক্যানিংয়ের সুবিধা পাওয়া যাবে। এ জন্য উদ্বোধনের আগেই উপজেলার প্রতিটি ইউনিয়নে একজন পুরুষ ও একজন নারী পরিচালক (অপারেটর) নিয়োগ দেওয়া হয়। তাঁদের ১০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে সরবরাহ করা হয়েছে ল্যাপটপ কম্পিউটার, কম্পিউটার, প্রিন্টার ও ইন্টারনেট মডেম।জেলায় ইউআইএসসির সার্বিক তত্ত্বাবধানে আছেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. তবিবুর রহমান। তিনি বলেন, ‘এর মূল ধারণা হচ্ছে, প্রতিটি ইউনিয়নের স্থায়ী বাসিন্দা দুজন বেকার নারী ও পুরুষ অপারেটর হিসেবে কাজ করে স্বাবলম্বী হবেন। পাশাপাশি জনগণ হাতের কাছে অত্যাধুনিক তথ্যপ্রযুক্তিসেবা পাবে। সেবা দিয়ে পরিচালকেরা আয় করবেন। সরকার থেকে তাঁদের ভাতা দেওয়া হবে না। তাঁদেরই কম্পিউটারসহ প্রয়োজনীয় উপকরণ কিনে নেওয়ার কথা ছিল। তার পরও প্রতিটি ইউনিয়নে সরকারিভাবে একটি করে ল্যাপটপ বা কম্পিউটার, প্রিন্টার ও মডেম উদ্বোধনের আগেই দেওয়া হয়েছে।’ তিনি জানান, গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে প্রতিটি ইউনিয়নের জন্য দুটি করে কম্পিউটার, স্ক্যানার ও হেডফোন জেলায় পৌঁছেছে।গত বৃহস্পতিবার জয়পুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা গেছে, একটি কক্ষ তালাবদ্ধ। ইউনিয়ন পরিষদের সচিব নূরুল হুদা জানান, এ কক্ষেই তথ্যকেন্দ্রের জন্য চেয়ার-টেবিল বসানো হয়েছে। বিদ্যুৎ না থাকায় সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু কার্যক্রম শুরু হয়নি এখনো। তাই ল্যাপটপটি তাঁর বাড়িতে আছে।লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদে গিয়েও ল্যাপটপ পাওয়া যায়নি। চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জহির আহমেদ ফকির জানান, ইউপির নিজস্ব ভবন নেই। উপজেলা বিআরডিবির ভবনের একটি কক্ষ ভাড়া নিয়ে পরিষদের কাজকর্ম চলে। বসার জায়গা না থাকায় তথ্যকেন্দ্র চালু করা সম্ভব হয়নি। ল্যাপটপটি অপারেটরের কাছে আছে।ইতনা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও ইতনা গণগ্রন্থাগারের সম্পাদক আতাউর রহমান বলেন, ‘সরকারের এত সুন্দর একটা উদ্যোগ, অথচ এ বিষয়ে আমরা জানি না।’ কোটাকোল ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি বড়দিয়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী খান গোলাম মোস্তফা বলেন, ‘এ ব্যাপারে তো কিছুই শুনিনি, কিছুই জানি না।’ইতনা ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের পরিচালক চরদৌলতপুর গ্রামের মাসুদ রানা জানান, সব ইউনিয়নের পরিচালকদের সঙ্গে কথা হয়, মতবিনিময় হয়। নিয়োগ নিয়ে সবাই বসে আছে, হয়তো কোনো দিন সরকার থেকে মাসিক ভাতা পাওয়া যাবে এই আশায়। তিনি বলেন, ‘নিজেদের আয় করে চলতে হবে—এভাবে আদৌ এ কার্যক্রম বাস্তবায়ন হবে কি না সন্দেহ আছে।’ লোহাগড়া ইউনিয়ন তথ্যকেন্দ্রের পরিচালক মেহেরুন্নেছাও একই ধরনের মন্তব্য করেন।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্য কোনো ইউনিয়নে সেবাকেন্দ্রটির কার্যক্রম শুরু হয়নি। লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান প্রথম আলোকে বলেন, ‘উপজেলার কোনো ইউনিয়নে এর কার্যক্রম এখনো চালু হয়নি, বিষয়টি সম্প্রতি জেনেছি। সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত এগুলো সচল করতে উদ্যোগ নেওয়া হবে।’