ইউনিয়ন পরিষদ কার্যালয় অপরাধীদের আস্তানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়টি অপরাধীদের আস্তানায় পরিণত হয়েছে। সেখানে রাতে জুয়াখেলা, মাদক সেবন ও নানা অসামাজিক কাজ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর ইউপির কার্যক্রম চালানো হচ্ছে চেয়ারম্যানের ব্যক্তিগত চেম্বারে। এতে পরিষদের মাসিক সভা ও ত্রাণ বিতরণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।পলাশবাড়ী ইউপির সদস্য ময়েন সরকার বলেন, পরিষদের জায়গা ব্যবহার না হওয়ায় চেয়ারম্যানের ব্যক্তিগত চেম্বারের পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এতে ছাত্রছাত্রীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। এ ছাড়া স্থান সংকুলান না হওয়ায় পরিষদের সভা করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ পরিষদের ভবন ও বিশাল মাঠ পরিত্যক্ত হয়ে আছে। বিষয়টি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে জানিয়েও কোনো ফল হচ্ছে না।সরেজমিনে দেখা গেছে, ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক ঘেঁষে পলাশবাড়ী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়। স্বাধীনতার পর ৫১ শতক জমির ওপর ইউনিয়ন পরিষদের তিনটি পাকা ঘর নির্মিত হয়। কিন্তু কয়েক বছর ব্যবহারের পর এটি পরিত্যক্ত হয়ে পড়ে। রক্ষণাবেক্ষণের অভাবে পলাশবাড়ী উপজেলার অন্তর্গত এই পরিষদ কার্যালয়ের জানালা-দরজা, আসবাবপত্র চুরি গেছে। এ সুযোগে এখানে রাতে জুয়ার আসর বসছে। মাদক সেবন ও নানা অসামাজিক কার্যক্রম চালানো হচ্ছে।পলাশবাড়ী আদর্শ কলেজের প্রভাষক শামিকুল ইসলাম বলেন, কলেজের পাশেই এই পরিষদ কার্যালয় একসময় জাঁকজমক ছিল। কিন্তু বর্তমানে জানালা-দরজা না থাকায় সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এখানে হারিকেন জ্বালিয়ে জুয়াখেলা চলে। স্থানীয় ও বহিরাগত বখাটেরা এসব অপকর্ম চালাচ্ছে। এ ছাড়া মাদকসেবীরা নিরাপদ আস্তানা হিসেবে ভবনগুলো ব্যবহার করছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না।এদিকে কার্যালয়ের অভাবে পরিষদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষত ইউনিয়ন পর্যায়ের কৃষি, সমাজসেবা, ভূমিসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অফিসে বসতে পারছেন না। কর্মকর্তাদের অফিসে না পেয়ে সাধারণ মানুষ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। পলাশবাড়ী উপজেলা সদরের নবীনগর এলাকার ব্যবসায়ী আবদুর রহিম বলেন, চেয়ারম্যানের গাফিলতির কারণে ভবনগুলো ব্যবহার অনুপযোগী হয়ে রয়েছে। চেয়ারম্যান হাবিবুর রহমান গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, মহাসড়কের পাশে হওয়ায় এখানে অসামাজিক কাজ কিংবা জুয়াখেলা ও মাদক সেবনের কোনো সুযোগ নেই। মামলাসংক্রান্ত জটিলতার কারণে নতুন ভবন নির্মাণ করা যাচ্ছে না দাবি করে তিনি বলেন, তাই আপাতত তাঁর বাড়িসংলগ্ন ব্যক্তিগত চেম্বারে পরিষদের কার্যক্রম চালানো হচ্ছে। উপজেলা চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বলেন, পরিত্যক্ত ভবন সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।