ইউনিয়ন পরিষদে হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলার রামেশ্বরপুরে গ্রামের সেই মেলা বন্ধ করে দেওয়ায় মেলা কমিটির লোকজন স্থানীয় চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্সে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে ওই সময় ইউপি চেয়ারম্যান কার্যালয়ে না থাকায় রক্ষা পান। এর আগে দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলামের নির্দেশে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাহবুবুল আলম একদল পুলিশ নিয়ে মেলার নামে অশ্লীলতার অভিযোগে মেলাটি বন্ধ করে দেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল প্রথম আলোর বিশাল বাংলায় ‘নোয়াখালীতে মেলার নামে অশ্লীল নৃত্য’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পরই তৎপর হয়ে ওঠে জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ। এ ঘটনার পর বেলা একটার দিকে মেলা কমিটির লোকজন ক্ষিপ্ত হয়ে ঘটনার জন্য ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন টিটুকে দায়ী করে অতর্কিতে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে হামলা চালায়। হামলাকারীরা এ সময় চেয়ারম্যানের কক্ষের নয়টি চেয়ার, কয়েকটি বসার বেঞ্চ ও একটি টেবিল ভাঙচুর করে। ইউপি চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, প্রশাসন মেলা বন্ধ করে দেওয়ায় মেলা কমিটির লোকজন এ জন্য তাঁকে দায়ী করে পরিষদ কমপ্লেক্সে হামলা চালিয়ে অধিকাংশ আসবাব ভাঙচুর করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।ইউপি কমপ্লেক্সে হামলা-ভাঙচুরের বিষয়ে জানার জন্য মেলা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ বিএসসির মুঠোফোনে একাধিকবার ফোন করে ফোন বন্ধ পাওয়া যায়। একইভাবে গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্যবার কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার এস এম মাহবুবুল আলমের মুঠোফোনে ফোন করলেও তিনি ফোন ধরেননি।উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস মেলা বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ ছাড়া ইউপি কমপ্লেক্সে হামলা-ভাঙচুরের বিষয়ে ঘটনার খবর পেয়ে তিনি সেখানে গিয়ে ভাঙচুরের চিত্র দেখে এসেছেন। তবে কারা ভাঙচুর করেছে, তা তিনি জানেন না বলে উল্লেখ করেন।