ইউনিয়ন পরিষদের জমিতে সাবেক চেয়ারম্যানের মার্কেট!
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শাহ আলম মোল্লার বিরুদ্ধে ইউপি কার্যালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজাগারের জায়গা দখল করে বহুতল মার্কেট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, মুন্সিরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের জন্য সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহম্মদ মোল্লা ১৯৬৫ সালে মেষতলা মৌজার ৪৩৬ দাগের দক্ষিণ অংশে সাত শতক সম্পত্তি লিখে দেন। পাকিস্তান আমলে সরকার প্রতিটি ইউনিয়নে খাদ্যগুদাম ও বীজাগার নির্মাণের জন্য ১৯৬৮ সালের ২৭ এপ্রিল দ্য ঢাকা গেজেটের মাধ্যমে চিন্তাহরি সাহাদের কাছ থেকে একই মৌজার ৪৩৫ দাগের দক্ষিণ অংশে আরও সোয়া আট শতক সম্পত্তি অধিগ্রহণ করে। ইউপি কার্যালয়ের নামে দান করা এবং খাদ্যগুদাম ও বীজাগারের জন্য সরকারের অধিগ্রহণ করা জায়গায় শাহ আলম মোল্লা প্রভাব খাটিয়ে ১৯৯৮ সালে একটি বহুতল মার্কেট নির্মাণ করেন। পরে তিনি নিজের মালিকানা প্রমাণের জন্য ভুয়া কাগজপত্রও তৈরি করেন। এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান শাহ আলম মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, আইন মেনেই তিনি ওই সম্পত্তির ভোগদখল করছেন।