ইউনিয়ন পরিষদের সামনে হাট, চোরাই সাইকেল বিক্রি!
খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের সামনের মাঠটিতে ১০ বছর ধরে ভ্যান ও সাইকেলের হাট বসে। শুক্র ও সোমবারের ওই হাটে বিক্রি হওয়া অধিকাংশই চোরাই বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, চোরেরা বিভিন্ন স্থান থেকে ভ্যান ও সাইকেল চুরি করে নিয়ে আসে। দাম কম হওয়ায় সেখানে কেনাবেচাও ভালো হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এম মনিরুল ইসলাম ১০ বছর ধরে শ্রীফলতলা ইউনিয়নের চেয়ারম্যান আছেন। তাঁর তত্ত্বাবধানে এই হাট পরিচালিত হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে সেনহাটি গ্রামের একজন জানান, এই হাটে প্রায়ই চোর ধরা হয়। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এলাকার মানুষ এই চোরদের কারণে ঠিকমতো ভ্যান ও সাইকেল রাখতে পারে না।এস এম মনিরুল ইসলাম বলেন, ‘হাটের ব্যাপারে তেমন কিছু জানি না। ওই হাট থেকে ইউনিয়ন পরিষদ অর্থ পায়। আমার সামনে চোর ধরা পড়লে যার সাইকেল তাকে ফেরত দিয়ে দিই। আর চোরের জন্য শাস্তির ব্যবস্থা করি।’রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলিনুর বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। এ বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’