ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা একীভূত করার চিন্তা
ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রকে একীভূত করার চিন্তা করছে সরকার। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে ইউনিয়ন পর্যায়ে নিরাপদ প্রসবসেবাবিষয়ক কর্মশালায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক এ কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ে তিন হাজার ৮৬০টি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র আছে (এগুলো পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে)। আর ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র আছে প্রায় এক হাজার ২০০ (এগুলো স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে)। কিছু ইউনিয়নে দুই ধরনের কেন্দ্র আছে। তিনি আরও বলেন, একটি ইউনিয়নের মানুষ একটি কেন্দ্র থেকেই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা যেন পায়, সরকার সে চিন্তাই করছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তিনি কথাও বলেছেন।পরিবার পরিকল্পনা অধিদপ্তর গত বছর ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে নিরাপদ প্রসব কর্মসূচি চালু করেছে। অনুষ্ঠানে কর্মসূচির প্রধান ও অধিদপ্তরের পরিচালক (মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা) মোহাম্মদ শরীফ বলেন, নিরাপদে প্রসব করানোর জন্য ৫৫৯টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের মান উন্নত করা হয়েছে। এসব কেন্দ্রে গত এক বছরে ৩২ হাজার ১২৩ জন মাকে নিরাপদ প্রসবসেবা দেওয়া হয়েছে। অধিদপ্তরের উপপরিচালক (মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা) তাপস রঞ্জন দাস কর্মসূচির অগ্রগতি উপস্থাপন করেন।অনুষ্ঠানে সাত বিভাগের সাতটি ইউনিয়ন পরিবারকল্যাণ কেন্দ্রকে পুরস্কার দেওয়া হয়। এগুলো হচ্ছে: ঢাকা বিভাগের নরসিংদী জেলার মির্জানগর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র, সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার শিবগঞ্জ কেন্দ্র, চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার গোপালপুর কেন্দ্র, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহবাজপুর কেন্দ্র, রংপুর বিভাগের লালমনিরহাট জেলার হারাটি কেন্দ্র, খুলনা বিভাগের নড়াইল জেলার পেরুলি কেন্দ্র এবং বরিশাল বিভাগের ভোলা জেলার চরকলমী স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবির। অন্যান্যের মধ্যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম আমির হোসেন বক্তব্য দেন।