ইউনিয়ন যুবলীগ নেতার মামলায় জেলা ছাত্রলীগ নেতা কারাগারে
গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমকে চাঁদাবাজির মামলায় কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মামলায় হাজিরা দিতে গেলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
জাহাঙ্গীর আলম গাজীপুরের শ্রীপুর উপজেলার গোদারচালা গ্রামের সাবেক ইউপি সদস্য ইকবাল সরকারের ছেলে। উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আকরাম হোসেন বাদী হয়ে গত বছরের ৮ সেপ্টেম্বর জাহাঙ্গীরসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন।
আদালত সূত্র জানায়, এ মামলায় বৃহস্পতিবার গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক মাহবুবা আক্তার ওই ছাত্রলীগ নেতার জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।
এ বিষয়ে জানতে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করে এবং খুদে বার্তা পাঠিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলমের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।