ইউনূস গ্রামীণ ব্যাংক দখল করতে পারবেন না: মুহিত

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে আবারও মন্তব্য করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেছেন, ‘যতই চিত্কার করুন না কেন, ইউনূস সাহেব আর গ্রামীণ ব্যাংক দখল করতে পারবেন না। কোনো দিনই পারবেন না।’
সচিবালয়ে আজ বুধবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংকের বিষয়ে সরকার তিনটি সিদ্ধান্ত নিয়েছে। প্রথমটি হলো, গ্রামীণ ব্যাংকে সরকারের ২৫ শতাংশ শেয়ার থাকবে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত, পরিচালনা পদ্ধতি অপরিবর্তিত রাখা, আর তৃতীয় সিদ্ধান্ত হলো পরিচালক নির্বাচনের বিধি প্রণয়ন।
গ্রামীণ ব্যাংক একটি বিধিবদ্ধ সংস্থা—এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘সরকারের মেজরিটি শেয়ারের দরকার হয় না। যতই চিত্কার করুন না কেন ইউনূস সাহেব, উনি আর এটা দখল করতে পারবেন না, কোনো দিনই পারবেন না। এটা তাঁকে স্বীকার করতে হবে। স্বীকারটা করতে পারছেন না বলেই এত সমস্যা।’
গ্রামীণ ব্যাংক যেভাবে চলে আসছে সেভাবেই চলবে, উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘শাখাগুলোও যেভাবে কাজ করে আসছে, সেভাবেই কাজ করবে আগামীতে।’ সরকার গ্রামীণ ব্যাংকের পরিচালক নিয়োগের বিধিমালা প্রণয়ন করে যাবে বলে উল্লেখ করেন তিনি।
এর বাইরে গ্রামীণ ব্যাংককে একটি নিয়ন্ত্রণ সংস্থার আওতায় নিয়ে আসার সিদ্ধান্তের কথাও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক অথবা ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ সংস্থার (এমআরএ) আওতায় নিয়ে আসা যায় কি না, চিন্তা করা হচ্ছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।
গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান খন্দকার মোজাম্মেল হকের পদত্যাগের পর নতুন চেয়ারম্যান খোঁজা হচ্ছে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ’।
আরেক প্রশ্নে কীভাবে চেয়ারম্যান নিয়োগ হবে, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এ ক্ষেত্রে সার্চ কমিটি হয় না, বিজ্ঞপ্তিও দেওয়া হয় না। আমার সহকর্মীরা পরামর্শ দিয়ে থাকেন। আমি নিজেও খুঁজছি এবার। তবে তাড়াহুড়ো করছি না। কারণ, মোজাম্মেল হক আশ্বাস দিয়েছেন আরেকজন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি ছেড়ে যাবেন না।’
গ্রামীণ ব্যাংক কমিশনের মেয়াদের শেষ দিন গত ২০ জুলাই গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর ওপর করা চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে দাখিল করার কথা ছিল। বিষয়টি স্মরণ করিয়ে দিলে অর্থমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন যে কমিশন সদস্য আজমালুল হোসেন কিউসি খুবই ব্যস্ত মানুষ। আর চেয়ারম্যান মামুন-উর-রশিদ কিছু ব্যক্তিগত অসুবিধায় রয়েছেন। এ জন্যই প্রতিবেদন পেতে দেরি হচ্ছে।’
তবে আগামী সপ্তাহে কমিশনের প্রতিবেদন দাখিল হবে আশাবাদী অর্থমন্ত্রী।
এদিকে, গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩-এর খসড়ার ওপর গতকাল সচিবালয়ে আন্তমন্ত্রণালয়ের এক বৈঠক করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বিভাগের সচিব এম আসলাম আলম এতে সভাপতিত্ব করেন।
সংশ্লিষ্ট ১০টি মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, এনজিও-বিষয়ক ব্যুরো, গ্রামীণ ব্যাংক, ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ সংস্থা (এমআরএ), যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের কার্যালয়ের (আরজেএসসি) প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।