ইউনূস তাঁর পরিশ্রম দিয়ে দেশকে এগিয়ে নেবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তখন ১৯৫৪ সাল। আমি দশম শ্রেণীর ছাত্র। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে স্কাউট ট্রুপের লিডার। অষ্টম বিশ্ব জাম্বুরি হতে যাচ্ছে কানাডায়। প্রতিনিধিদলে আমার নাম প্রস্তাব করেছে স্কুল। পূর্ব পাকিস্তানের চিফ স্কাউট কমিশনার আজিজুল হক পরীক্ষার সময় জিজ্ঞেস করেছিলেন, “তুমি কেন বিশ্ব জাম্বুরিতে যেতে চাও”। উত্তরে নানা কথার মধ্যে বলেছিলাম, ফিরে এসে ভ্রমণকাহিনি লিখব।’ আজিজুল হককে দেওয়া কথা রেখেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ১৯৫৫ সালে বিশ্ব জাম্বুরির উদ্দেশে রওনা দিয়ে প্রায় ছয় মাসে বিশ্বের একটা বড় অংশ ভ্রমণ করেছিলেন এই নোবেলজয়ী বাঙালি। প্রতিদিনের ঘটনা লিপিবদ্ধ করে রেখে তা ৫৬ বছর পর বই আকারে প্রকাশ করলেন তিনি। গতকাল মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বালক পরিব্রাজকের দিনলিপি এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে তাঁর শিক্ষক, বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের লেখা ১৫টি প্রবন্ধ নিয়ে অন্য দিনের ইউনূস বইয়েরও প্রকাশনা অনুষ্ঠান হয়ে গেল। বালক পরিব্রাজকের দিনলিপি বইটির প্রকাশক সুবর্ণ ও অন্য দিনের ইউনূস প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। নিজের বই নিয়ে মুহাম্মদ ইউনূস বলেন, ‘ছোট ভাই আইয়ুব পুরান ট্রাংকের কাগজপত্র ঘাঁটতে গিয়ে আবিষ্কার করেছে এই ডায়েরি। এটি হাতে পেয়ে পড়ে ১৫ বছর বয়সী আমার সঙ্গে ৭০ বছরের আমার যেন নতুন করে পরিচয় হচ্ছিল।’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘ক্ষুদ্রঋণের দর্শনের মধ্য দিয়ে মুহাম্মদ ইউনূস নিজের পথ খুঁজে নিতে গ্রামীণ দরিদ্র মানুষকে উৎসাহিত করেছেন। ইউনূসের কৃতিত্বে দেশবাসী হিসেবে আমরা গর্বিত। তিনি তাঁর পরিশ্রম দিয়ে দেশবাসীকে আরও এগিয়ে নিয়ে যাবেন।’ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ‘ইউনূসের মতো মানুষের অবসরে যাওয়ার সুযোগ নেই। আমাদের এমন বড় দৃষ্টিভঙ্গি থাকা উচিত যাতে ইউনূসের মতো মানুষকে আমরা গ্রহণ করতে পারি, দেশের কাজে লাগাতে পারি।’ সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী বলেন, ইউনূসের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এটা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক নয়। প্রকাশিত বই দুটির ওপর আলোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হোসেন চৌধুরী, সাবেক সচিব ফজলুর রহমান ও বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক মনসুর মুসা। এ ছাড়া অনুষ্ঠানে মাওলা ব্রাদার্সের প্রকাশক আহমেদ মাহমুদুল হক ও সুবর্ণ প্রকাশনীর আহমেদ মাহফুজুল হক বক্তব্য দেন।