ইউনূস নোংরা রাজনীতির শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়ার খবরকে খুবই গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বিশ্বের বিভিন্ন প্রভাবশালী পত্রিকা লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে ইউনূসকে তাঁর নিজের প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করা হয়েছে। তিনি বাংলাদেশের নোংরা রাজনীতির শিকার।যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস পত্রিকা ‘ক্ষুদ্রঋণের প্রবক্তা বিতাড়িত’ শীর্ষক শিরোনামে এক প্রতিবেদনে বলেছে, ইউনূসকে জোর করে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। পত্রিকাটি গ্রামীণ ব্যাংকে সরকারনিযুক্ত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোজাম্মেল হকের বরাত দিয়ে জানায়, ইউনূসকে গ্রামীণ ব্যাংকের সব ধরনের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।যুক্তরাজ্যের ইয়েলে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আহমেদ মুশফিক মোবারক নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘বাংলাদেশের জনগণ যদি এটাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে করে, তাহলে বিনিয়োগনীতির ক্ষেত্রে দেশটি এক দফা পিছিয়ে যাবে।’ ক্ষুদ্রঋণ বিশেষজ্ঞ বিজয় মহাজন বলেন, ‘মোটের ওপর এটা ক্ষুদ্রঋণ খাতের জন্য খারাপ সংকেত। বিতর্ক যা-ই থাকুক না কেন, দারিদ্র্য বিমোচনে ইউনূসের অবদান অনেক।’ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফ ‘নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রধানের পদ থেকে বরখাস্ত’ শীর্ষক শিরোনামে এক প্রতিবেদনে বলেছে, ইউনূসকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর দীর্ঘ দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ এল। টেলিগ্রাফ ঢাকায় কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানায়, অধ্যাপক ইউনূসের আন্তর্জাতিক অবস্থান এবং ২০০৭ সালে রাজনৈতিক উচ্চাভিলাষ হাসিনাকে ক্ষুব্ধ করেছে।কানাডার গ্লোব অ্যান্ড মেইল পত্রিকার ‘বাংলাদেশ গরিবের ব্যাংকারকে বিতাড়িত করতে চাইছে’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র চার বছর আগে মুহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে মাদার তেরেসা, মার্টিন লুথার কিং জুনিয়র ও নেলসন ম্যান্ডেলার মতো সম্মান পেয়েছিলেন। আর এই সপ্তাহে তিনি বাংলাদেশের নোংরা রাজনীতির শিকার হয়েছেন।নিউইয়র্ক থেকে উইমেন্স ওয়ার্ল্ড ব্যাংকিংয়ের প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট মরি এলেন ইস্কেন্দেরিয়ানকে উদ্ধৃত করে বলেছে, ‘কেউ কখনো ইউনূসের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। সবচেয়ে বড় ক্ষুদ্রঋণের দেশ হিসেবে বাংলাদেশের জন্য এটা খুবই উদ্বেগজনক। সর্বোপরি এটা আমাকে খুবই ব্যথিত করেছে।’ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার একতরফাভাবে মুহাম্মদ ইউনূসকে বরখাস্তের ঘোষণা দিয়েছে। গ্রামীণ ব্যাংক নিয়ন্ত্রণের দ্বন্দ্বে বিষয়টি নতুন মাত্রা যোগ করবে।প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় ৩০ বছর আগে দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধের কার্যকর কৌশলের অংশ হিসেবে ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনূসের বিরুদ্ধে উগ্র আচরণ করছেন। অভিযোগ রয়েছে, গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে চায় সরকার, যা বড় রাজনৈতিক সম্পদে পরিণত হবে।যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ইন্ডিপেনডেন্ট লিখেছে, ক্ষুদ্রঋণের প্রবক্তাকে তাঁর ব্যাংক থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁকে জোর করে ব্যাংকের প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। খবরে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তবে ইউনূস তাঁর পদে বহাল থাকবেন এবং এর জন্য লড়বেন।সিএনএন তাদের প্রতিবেদনে বলেছে, নোবেলজয়ী ইউনূসকে তাঁর ব্যাংকের পদ থেকে বিতাড়িত করতে আবারও চেষ্টা করছে বাংলাদেশ।যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক আনব্যারাসন ইথিরাজন ঢাকা থেকে লিখেছেন, গ্রামীণ ব্যাংক প্রধানের পদ ছেড়ে দেওয়ার সরকারের দিক থেকে চাপের মুখে ছিলেন ইউনূস। সরকারের সঙ্গে তাঁর দীর্ঘ বিরোধের ফল এই পদক্ষেপ। ইউনূসকে অপসারণের লক্ষ্যে গত কয়েক মাসে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে।ভারতের দ্য হিন্দু পত্রিকা ইউনূসকে গ্রামীণ ব্যাংক প্রধান পদ থেকে অব্যাহতির খবর দিয়ে লিখেছে, বিষয়টি নিয়ে বাংলাদেশের গণমাধ্যম ও বুদ্ধিজীবীরা বিভক্ত হয়ে পড়েছেন বলে মনে হচ্ছে। এক পক্ষ ইউনূসকে সমর্থন দিচ্ছে, অন্যপক্ষ ‘অতি উচ্চ মূল্যবোধ প্রদর্শন’ করে তাঁর বিদায় চাইছে। ইউনূসের পক্ষের গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে তাড়াতে চাইছে।