ইউনূস-বিএনপির বক্তব্য একসূত্রে গাঁথা: তোফায়েল

আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ বলেছেন, ‘নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস নিরপেক্ষ ব্যক্তি নন; ইউনূসের বক্তব্য আর বিএনপির বক্তব্য একসূত্রে গাঁথা।’
আজ মঙ্গলবার ভোলা নতুনবাজার চত্বরে ভোলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তোফায়েল আহমেদ এ কথা বলেন।
ভোলা-২ আসনের (দৌলতখান-বোরহানউদ্দিন) সরকারি দলের এই সাংসদ আরও বলেন, ‘ড. ইউনূস বিএনপির শেষ সময়ে ২০০৬ সালে বলেছিলেন দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে। এখন বলছেন দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে না। তিনি স্ববিরোধী কথা বলছেন এবং রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। তিনি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দল খুলেছিলেন। আসলে তিনি রাজনৈতিক মানুষ, কিন্তু রাজনীতির পোশাক পরছেন না। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, শহীদ মিনার, জাতির জনকের সমাধিস্থল টুঙ্গিপাড়ায় না গিয়ে তিনি নিরপেক্ষতা হারিয়েছেন।’
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বিএনপির উদ্দেশে বলেন, ‘পৃথিবীর সব দেশের মতোই দলীয় সরকারের আয়ত্তে অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা শেখ হাসিনার নেতৃত্বেই হবে। আলোচনা থাকলে অন্তর্বর্তীকালীন নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নয়।’
তোফায়েল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করেননি; জিয়াউর রহমান সংবিধান পরিবর্তন করে তাদের কারাগার থেকে মুক্ত করেছেন। বিএনপির একটাই হাতিয়ার, ধর্ম নিয়ে ষড়যন্ত্র করা; তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’
ভোলার অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।