ইউনূস বিষয়টির সমাধান না হলে হিলারির সফর অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক বিষয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছাতে হবে। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফর অনিশ্চিত। গত শুক্রবার নিউইয়র্কের ওয়ার্ল্ড অব এস্টোরিয়া হোটেলে বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ার জোসেফ ক্রাউলি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকালে বলেছেন, ইউনূস ও গ্রামীণ ব্যাংক বিষয়ে সন্তোষজনক সমাধানে না পৌঁছালে হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফর অনিশ্চিত।সংবাদ সম্মেলনে খালেদা জিয়া উপস্থিত ছিলেন। তবে তিনি কোনো বক্তব্য দেননি। এতে বক্তব্য দেন বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী ও বিএনপির চেয়ারপারসনের প্রেস সেক্রেটারি মারুফ কামাল। খালেদা জিয়া উপস্থিত সংবাদকর্মী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।সংবাদ সম্মেলনে শমসের মবিন চৌধুরী বলেন, দেশে মধ্যবর্তী নির্বাচনের দাবি এখন জনতার দাবি। এ কারণে চেয়ারপারসনের যুক্তরাষ্ট্র সফরকালে সবগুলো সমাবেশেই বিএনপির পক্ষ থেকে এ দাবির যথার্থতা তুলে ধরা হয়েছে। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলের সঙ্গে সফররত খালেদা জিয়ার কথা হয়েছে।সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। জঙ্গিবাদ ও বাংলাদেশকে নিয়ে যারা বহির্বিশ্বে প্রচারণা চালায়, তারা দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।লন্ডন ও যুক্তরাষ্ট্র সফর শেষে স্থানীয় সময় গতকাল শনিবার ভোরে দেশের পথে খালেদা জিয়ার নিউইয়র্ক ত্যাগ করার কথা।