ড. মুহাম্মদ ইউনূস বিষয়ে শান্তিপূর্ণ সমাধান আশা করেছেন বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট জেমস উলফেনশন। তিনি বলেন, ‘আমি আশা করি একটা শান্তিপূর্ণ সমাধান হবে, কারণ তোমাদের দেশে ক্ষুদ্রঋণের এক মহান নেতা রয়েছে।’ সফররত বিশ্বব্যাংকের সাবেক এই প্রেসিডেন্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে সাক্ষাতের পর গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে উলফেনশন বলেন, তিনি এখানে এসেছেন ক্ষুদ্রঋণ কার্যক্রম নিয়ে আলোচনা করতে; কেবল মুহাম্মদ ইউনূসকে নিয়ে সৃষ্ট সাম্প্রতিক বিষয়ে আলোচনা করতে নয়। এখান থেকে তিনি যাবেন ভিয়েতনাম, হংকং এবং চীনে। এ অঞ্চলে আলোচনার বিষয়ের মধ্যে তিনি বাংলাদেশ ব্যাংকে এসেছেন কথা বলতে।উলফেনশন বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে তাঁর আলোচনার মধ্যে ছিল বিশ্ব পরিস্থিতি। বাংলাদেশ পরিস্থিতিও আলোচনাতে ছিল। তিনি বাংলাদেশে এসেছেন এ দেশের তিনটি বড় ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠানের বিষয়ে জানতে-বুঝতে।আতিউর রহমান সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্টের সঙ্গে পূর্বপরিচয়ের জের ধরে এই সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতে তিনি বাংলাদেশে ক্ষুদ্রঋণ কার্যক্রমে ড. ইউনূসের অবদানের কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরাও মনে করি তাঁর অবদান আছে।’ তবে বিষয়টি যেহেতু এখন আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, তাই সেভাবেই সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।