ইউনূস ভিক্ষুকের জাতি হিসেবে পরিচয় করিয়েছেন: হানিফ
বঙ্গবন্ধুর বীরের জাতিকে মুহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী ভিক্ষুকের জাতি হিসেবে পরিচয় করিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতা মাহবুব উল আলম হানিফ। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ আয়োজিত এক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অভিযোগ করেন, ক্ষুদ্রঋণের সফলতা দেখিয়ে দেশের গরিব-দুঃখী মানুষের সরলতার সুযোগ নিয়ে ইউনূস নোবেল বিজয়ী হয়েছেন। ক্ষুদ্রঋণের দংশনে বাংলাদেশে ছিন্নমূল মানুষ দিনে দিনে নিঃস্ব হয়েছে।বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সম্পর্কে বিএনপির নেতা মওদুদ আহমদের বক্তব্য নাকচ করে দিয়ে হানিফ বলেন, ব্যারিস্টার মওদুদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্ক ও বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। কোনো মেজরের ঘোষণায় স্বাধীনতা আসেনি। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতির লড়াই, সশস্ত্র সংগ্রাম, ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে।মুফতি আমিনীসহ অন্যদের অভিযোগ উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, নারীনীতিতে কোরআন ও সুন্নাহবিরোধী কোনো বিষয় নেই।যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য হারুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ইকবাল সোবহান চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী, মাহাবুবুর রহমান, আবদুস সাত্তার, আতাউর রহমান, এনায়েত কবির, মহিউদ্দিন আহমেদ, নুরুন্নবী চৌধুরী, মাইনুল হোসেন খান প্রমুখ।