ইউনূস যেন দলছুটদের খপ্পরে না পড়েন: বনমন্ত্রী

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, তাঁরা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আশা করেন, তিনি যেন ‘জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে’ দলছুট ব্যক্তিদের খপ্পরে না পড়েন।রাজনীতির সঙ্গে জড়িয়ে নিজেকে যেন বিতর্কিত না করেন।
আজ রোববার জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও মেজবান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।খবর বিজ্ঞপ্তির।
বনমন্ত্রী বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি।একজন নোবেল বিজয়ী ও বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা তাঁকে সম্মান করি।তিনি চট্টগ্রামের মানুষ, আমি চট্টগ্রামের সন্তান হিসেবে তাঁকে সম্মান ও শ্রদ্ধা করি।কিন্তু একজন নোবেল বিজয়ীর মুখে অন্য কোনো দলের দাবির সঙ্গে মিল রেখে বক্তব্য দেওয়া কাম্য নয়।’
সরকার সব সময় আলোচনায় বিশ্বাসী—উল্লেখ করে পরিবেশ ও বনমন্ত্রী বলেন, বিরোধী দলের কোনো ফর্মুলা থাকলে তাঁরা সংসদের আগামী অধিবেশনে বিল আনতে পারেন।তিনি বলেন, ‘কারও জ্বালাও-পোড়াওয়ের কারণে ও আবদার রক্ষা করার জন্য জনগণ আওয়ামী লীগকে সংসদে পাঠায়নি।দাবিটি যেহেতু তাঁদের, আবদারও তাঁদের।তাই কোনো পরামর্শ থাকলে আলোচনার জন্য বিলটিও তাঁদেরই আনতে হবে।জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা রক্ষা করার জন্য বিরোধী দলের নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান মন্ত্রী।
আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ইকবাল ও প্রচার প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দিন।বক্তব্য দেন, আওয়ামী লীগের নেতা সাদেকুননুর সিকদার, স্বজন কুমার তালুকদার, শাহজাহান সিকদার ও কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।