ইউনূস সম্মানিত ব্যক্তি তাই উদ্বেগ প্রকাশ করেছি: মরিয়ার্টি
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি গতকাল বৃহস্পতিবার বলেছেন, মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন সম্মানিত ব্যক্তি। তা ছাড়া যুক্তরাষ্ট্রেও গ্রামীণ ব্যাংকের শাখা রয়েছে। এ জন্য তাঁরা তাঁর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়ায় উদ্বেগ প্রকাশ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মরিয়ার্টি। রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে দুই দিনব্যাপী ‘এডুকেশন ইউএসএ মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মেলার উদ্বোধনী বক্তব্যে মার্কিন রাষ্ট্রদূত তাঁর দেশে শিক্ষার সুযোগ প্রসঙ্গে বলেন, যত ধরনের পাঠ্য বিষয় আছে তার প্রতিটির জন্য অন্তত একটি উচ্চমানের বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রে রয়েছে। সারা বিশ্ব থেকে প্রতিবছর সাত লাখ শিক্ষার্থী সে দেশে পড়তে যান। এর মধ্যে দুই হাজার ৬০০ বাংলাদেশি। এ অঞ্চলের অন্যান্য দেশ যেমন ভারত ও নেপালের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা খুবই কম উল্লেখ করে মরিয়ার্টি বলেন, ‘আশা করছি এই সংখ্যার বড় পরিবর্তন হবে।’ গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশিদের সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার কথা উল্লেখ করে মরিয়ার্টি জানান, ২০১০ সালে তাঁরা বাংলাদেশি শিক্ষার্থীদের নয় লাখ ডলারেরও বেশি বৃত্তি দিয়েছেন।উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস, আমেরিকান সেন্টারের কর্মকর্তা রায়ান জি ব্রাডিন, যুক্তরাষ্ট্রের লাউয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক প্রোগ্রামের সহকারী ডিন স্কট কিং প্রমুখ।মার্কিন দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই মেলায় যুক্তরাষ্ট্রের নয়টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে। আজ শুক্রবার শেষ দিন মেলা অনুষ্ঠিত হবে রাজধানীর ধানমন্ডির লিবারেল আর্টস ইউনিভার্সিটিতে।