ইউনূস সরকারের প্রতিহিংসার শিকার: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সরকারের অন্ধ প্রতিহিংসার শিকার।
গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি ইউনূসের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ মামলা দায়েরের উদ্যোগ থেকে সরে আসার জন্য সরকারের প্রতি দাবি জানান।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে ইউনূসকে হেনস্তা করার জন্য এহেন কাজ নেই, যা তারা করেনি। সরকার আরও হেনস্তা করতে তড়িঘড়ি করে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের আয়োজন করছে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, গ্রামীণ ব্যাংকের মতো একটি আন্তর্জাতিক স্বনামধন্য প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে। এর সঙ্গে জড়িত ৮৪ লাখ নারীর জীবিকার পথ বন্ধ করে দিয়েও সরকারের ক্ষোভ প্রশমিত হচ্ছে না। সরকার ধারাবাহিক আক্রমণের মুখে ইউনূসকে চূড়ান্ত পর্যুদস্ত করার জন্য তাঁর বিরুদ্ধে অপমানজনক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।