ইউনূস সেন্টারের বিবৃতির প্রতিবাদ সরকারের
গণভবনে অনুষ্ঠিত এক ঘরোয়া আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে ১২ জুলাই বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদনকে অপর্যাপ্ত তথ্যের বলে উল্লেখ করেছে সরকার। একই সঙ্গে ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইউনূস সেন্টারের যে বিবৃতি প্রকাশিত হয়েছে, তারও প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রতিবাদপত্রে বলা হয়েছে, ১২ জুলাই বিভিন্ন দৈনিকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে প্রধানমন্ত্রীকে জড়িয়ে প্রকাশিত সংবাদটি কোনো সূত্র উল্লেখ না করে এবং অপর্যাপ্ত তথ্যের ভিত্তিতে প্রকাশিত। ইউনূস সেন্টারের বিবৃতি প্রসঙ্গে প্রতিবাদপত্রে বলা হয়েছে, নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসকে হেয় করার কোনো ইচ্ছাই সরকারের নেই। সরকার আশা করে, ইউনূস সেন্টার বিবৃতিটি প্রত্যাহার করে নেবে এবং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার থেকে ভবিষ্যতে বিরত থাকবে। অন্যথায় এই ধরনের অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।