৫ মে নোবেলবিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছে ইউনূস সেন্টার। ব্যাখ্যায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বক্তব্য হিসেবে যা গণমাধ্যমে ছাপা হয়েছে, তা শুধু অসত্যই নয়, উদ্দেশ্যপ্রণোদিত।
ইউনূস সেন্টার বলেছে, পদ্মা সেতু বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এবং এই স্বপ্ন বাস্তবায়নে ড. ইউনূস কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারেন না। অধ্যাপক ইউনূস কর্তৃক হিলারি ক্লিনটনের প্রভাব খাটিয়ে পদ্মা সেতুর ঋণ বাতিল করার প্রশ্নই আসে না। এটা দুঃখজনক যে, কোনো রকম প্রমাণ ছাড়াই মাননীয় প্রধানমন্ত্রী এ ধরনের একটি বক্তব্য দিতে পারেন।
গ্রামীণফোন ও গ্রামীণ ব্যাংক সম্পর্কে ইউনূস সেন্টার আরও বলেছে, গ্রামীণফোন প্রকৃতপক্ষেই একটি যৌথ বিনিয়োগের কোম্পানি। এর মালিকদের একজন নরওয়ের ব্যবসা প্রতিষ্ঠান টেলিনর, যার মালিক নরওয়ে সরকার। অপর একজন মালিক গ্রামীণ টেলিকম, যা বাংলাদেশের কোম্পানি আইনের ২৮ নম্বর ধারার অধীনে নিবন্ধিত। গ্রামীণ টেলিকম কোনো ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়। গ্রামীণফোনের অন্য মালিকেরা হচ্ছেন এর অসংখ্য বাংলাদেশি বিনিয়োগকারী বা শেয়ারধারী। গ্রামীণফোনে ড. ইউনূসের কখনোই কোনো শেয়ার ছিল না, এখনো নেই।