নিরাপত্তা প্রস্তুতি সম্ভব নয় জানিয়ে পুলিশ অনুমতি দেয়নি
ইউনূস সেন্টারের সামাজিক ব্যবসা সম্মেলন বাতিল
সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে ইউনূস সেন্টার আয়োজিত সপ্তম আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে না। সম্মেলনটি ‘অনিবার্য কারণবশত’ বাতিল করা হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউনূস সেন্টার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে।
এর আগে সকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সাংবাদিকদের জানিয়েছিলেন, ইউনূস সেন্টারের পক্ষ থেকে ২৪ জুলাই পুলিশকে এ সম্মেলনের কথা জানানো হয়। এত অল্প সময়ের মধ্যে নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব নয়। তাই সম্মেলনের অনুমতি দেওয়া হয়নি।
আজ শুক্রবার সকাল নয়টা থেকে রাজধানীর উপকণ্ঠে সাভারের জিরাবোতে সামাজিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হওয়ার কথা ছিল।
ইউনূস সেন্টার থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত আমরা সামাজিক ব্যবসায় দিবস উপলক্ষে আয়োজিত সপ্তম আন্তর্জাতিক সম্মেলন বাতিল করছি। উদ্বোধনী অনুষ্ঠানে যাঁদের আমন্ত্রণ করা হয়েছিল এবং সম্মেলনে যোগদানের জন্য যে পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছিলেন তা যেন বাতিল করেন, তার অনুরোধ জানাচ্ছি।’
বিদেশ থেকে আসা সব অতিথি এবং অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের প্রতি ক্ষমা প্রার্থনা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে যোগদানের জন্য ইতিমধ্যে প্রায় ২০০ অংশগ্রহণকারী বিদেশ থেকে এসেছেন। এর মধ্যে রয়েছেন জাতিসংঘের সহকারী মহাসচিব থমাস গাস। সম্মেলনে তাঁর মূল বক্তব্য দেওয়ার কথা ছিল। তিনি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য কর্মসূচি বাস্তবায়নের প্রধান কর্মকর্তা। এ সম্মেলনে অংশ নিতে ৫০টি দেশ থেকে ৪০০ জনের বেশি বিদেশি নিবন্ধন করেছেন। সম্মেলনে আনুমানিক ২ হাজার জনের অংশ নেওয়ার কথা ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনের কিছু কিছু কর্মসূচি ইউনূস সেন্টারের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় অনলাইন সেশন শুরু হবে। তাতে বিভিন্ন সেশনের বক্তাদের বক্তব্য সরাসরি প্রচারিত হবে।
গতকাল সকালে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, ইউনূস সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সম্মেলনে ৩৬টি দেশ ও সংস্থার প্রতিনিধি অংশ নেবেন। জাতিসংঘের একজন সহকারী মহাসচিব ছাড়াও বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং একটি দেশের রাষ্ট্রপতির এই সম্মেলনে উপস্থিত থাকার কথা। এ রকম একটি আন্তর্জাতিক সম্মেলনের মাত্র তিন-চার দিন আগে নিরাপত্তার জন্য কেবল ঢাকা জেলার পুলিশ সুপারকে (এসপি) অবহিত করা হয়েছে। ঊর্ধ্বতন ব্যক্তিরা এ বিষয়ে কেউ কিছুই জানেন না। এত কম সময়ে এমন একটি আন্তর্জাতিক সম্মেলনের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব নয় বলেই তাদের সম্মেলন আয়োজনের অনুমতি দেওয়া যায়নি। এর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই।
আইজিপি বলেন, এ ধরনের কোনো সম্মেলন আয়োজনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সম্মিলিত সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে আয়োজক সংস্থার চাহিদা পূরণ করা হয়। কিন্তু মাত্র তিন দিন আগে এমন একটি অনুষ্ঠান আয়োজনের কথা বলে নিরাপত্তা চাইলে তা দেওয়া সম্ভব নয়। তারা ঢাকা জেলার এসপির কাছে সম্মেলনের নিরাপত্তা চেয়েছে। এসপি তাদের জানিয়েছেন, এত বড় অনুষ্ঠানের নিরাপত্তা তিনি একা দিতে পারবেন না। প্রস্তুতির জন্য সময় লাগবে। অথচ এখন তারা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে সরকার তাদের সম্মেলন বন্ধ করে দিয়েছে। কিন্তু এটা সত্য নয়।