ইউনূস সোশ্যাল বিজনেস ও ইউএসএইডের মধ্যে সমঝোতা স্মারক সই
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংস্থা ইউএসএইড ও ইউনূস সোশ্যাল বিজনেসের (ওয়াইএসবি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক ব্যবসার সম্প্রসারণে সহায়তার লক্ষ্যে এই স্মারক স্বাক্ষরিত হয়।
গত সোমবার ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির সদর দপ্তরে এক অনুষ্ঠানে ওয়াইএসবির চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ইউএসএইডের প্রশাসক রাজ শাহ ওই সমঝোতা স্মারকে সই করেন। এ সময় ইউএসএইডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস বলেন, ‘সারা বিশ্বে সামাজিক ব্যবসার উদ্যোগকে এগিয়ে নিতে ইউএসএইড ও ওয়াইএসবির নতুন যৌথ অংশীদারির বিষয়টি ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। সোশ্যাল বিজনেস ইনকিউবেটর ফান্ডের মাধ্যমে যে ফল অর্জিত হয়েছে, ইউএসএইডের কৌশলগত সহায়তা সেটার সম্প্রসারণে সহায়তা করবে।’ বিজ্ঞপ্তি।