ইউনূসকে অপসারণে রবার্ট ব্লেকের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক বলেছেন, শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণের বিষয়টি উদ্বেগজনক। গত বৃহস্পতিবার ওয়াশিংটনের ম্যারিয়ট হোটেলে বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।রবার্ট ব্লেক ছাড়াও খালেদা জিয়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টনি ব্লিনকেনের সঙ্গেও হোয়াইট হাউসে বৈঠক করেন। এ সময় তাঁরা ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন।ব্লেকের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রে সফররত বিরোধী দলের নেতা বলেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়া যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পর্ক সরাসরি হলে তা উভয় দেশের জন্য কল্যাণকর হবে। তিনি বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক অকৃত্রিম। বর্তমান সময়ে এ সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে দুই দেশের সম্পর্ক সরাসরি হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বাঞ্ছনীয় নয়।বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে খালেদা জিয়া বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই। এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে ভারতকেই এগিয়ে আসতে হবে।’বৈঠকে মধ্যবর্তী নির্বাচনের প্রয়োজনীয়তার যুক্তিও তুলে ধরেন খালেদা জিয়া। তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচন দিলেই পরিষ্কার হয়ে যাবে, সরকারের সঙ্গে জনগণ আছে কি না।বৈঠকে অন্যান্যের মধ্যে শমসের মবিন চৌধুরী, ড. ওসমান ফারুক, শওকত মাহমুদ, আবদুল আউয়াল মিন্টু, মারুফ কামাল খান সোহেল, শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। টনি ব্লিনকেনের সঙ্গে বৈঠক: বার্তা সংস্থা ইউএনবি জানায়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টনি ব্লিনকেনের সঙ্গে হোয়াইট হাউসে গত বৃহস্পতিবার খালেদা জিয়া প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। বিএনপি আবার ক্ষমতায় এলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে কী পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে খালেদা জিয়ার কাছে জানতে চান টনি ব্লিনকেন।এ সময় খালেদা জিয়া বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে তাঁরা নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করবেন। এ ছাড়া বিচার বিভাগের ও গণমাধ্যমের স্বাধীনতাও নিশ্চিত করবেন, যাতে সরকারের হস্তক্ষেপ থেকে এগুলো সম্পূর্ণভাবে মুক্ত থাকে। তিনি বলেন, বর্তমান সরকারের দুঃশাসন ও অব্যবস্থাপনার কারণে জনগণ গণতন্ত্রের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে গণতন্ত্রের প্রতি জনগণের হারানো বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনা হবে। নারীদের জন্য আরও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যাতে সহনশীল মুসলিম দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়। অর্থনীতি সম্পর্কে বিএনপির চেয়ারপারসন বলেন, তাঁরা বেসরকারি খাতের অর্থনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করবেন, এ ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করবেন না। চলমান বিদ্যুৎসংকট নিরসনে এ খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফর শেষে কাল রোববার খালেদা জিয়ার দেশে ফেরার কথা রয়েছে।