ইউনূসকে অব্যাহতি দেওয়ায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় ক্ষোভ, নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন।অন্যদিকে ব্যাংকটির চাকরিচ্যুত কিছু কর্মকর্তা-কর্মচারী ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তার তদন্ত দাবি করেছেন।ইউনূসকে অব্যাহতি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) যুক্ত বিবৃতিতে বলেছে, কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ড. ইউনূসকে অসম্মানজনকভাবে অব্যাহতি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটি তাঁকে হেয় প্রতিপন্ন করার অপপ্রয়াস। এতে বিশ্বের কোটি কোটি ক্ষুদ্রঋণ গ্রহীতার আস্থায় চিড় ধরবে। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে পরিবর্তন ইতিবাচক পরিবেশে হলে তা ব্যাংকের স্থিতিশীলতা ও দেশের ভাবমূর্তির জন্য মঙ্গলজনক হবে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান, ক্রেডিট ডেভেলপমেন্ট ফোরামের (সিডিএফ) নির্বাহী পরিচালক আবদুল আওয়াল, এনজিও ফেডারেশনের পরিচালক এম তাজুল ইসলাম, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অব অল্টারনেটিভ ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনের (ইনাফি) নির্বাহী পরিচালক মো. আতিকুন্নবী, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের নির্বাহী পরিচালক কফিল উদ্দিন আহমেদ এ বিবৃতি দেন। এ ছাড়া ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), মুক্ত রাজনৈতিক আন্দোলনসহ বিভিন্ন সংগঠন এ ঘটনায় নিন্দা জানিয়েছে।চাকরিচ্যুতদের সংবাদ সম্মেলন: গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন গ্রামীণ ব্যাংক থেকে চাকরিচ্যুত কিছু কর্মকর্তা-কর্মচারী। গ্রামীণ ব্যাংক নির্যাতিত কর্মী পরিষদের আহ্বায়ক এবং ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক মাসুম সরকার অভিযোগ করেন ড. ইউনূস ক্ষমতার অপব্যবহার করে স্বেচ্ছায় অবসরের নামে হাজার হাজার কর্মীকে বাধ্যতামূলক অবসর দিয়েছেন। এ ছাড়া গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্টের মাধ্যমে গ্রামীণফোনের শেয়ার ক্রয়বিক্রয়, গ্রামীণ ব্যাংক ভবনের ফ্লোর ভাড়া, সোশ্যাল বিজনেস ফান্ড গঠন, সহযোগী প্রতিষ্ঠানগুলোতে পরিচালক নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম করেছেন।