ইউনূসকে অব্যাহতির প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষক লীগ ও ছাত্রলীগ এবং নাটোরের লালপুরে পুলিশ মানববন্ধনে বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গ্রামীণ ব্যাংকের শিক্ষাঋণ পাওয়া শিক্ষার্থী, তাঁদের পরিবারের সদস্য ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সদস্য, আমানতকারী ও এলাকার সচেতন নাগরিকেরা কর্মসূচিতে অংশ নেন।জয়পুরহাটের কালাইয়ে মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ক্ষুদ্রঋণের মাধ্যমে শুধু গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও অর্থনীতির চাকা সচল করতেই কাজ করছে না, একই সঙ্গে গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও শিক্ষাঋণ সহায়তা দিয়ে তাঁদের উচ্চশিক্ষার পথ সুগম করেছে।’ তাঁরা বলেন, ‘প্রাণ ছাড়া মানুষের দেহ যেমন কোনো কাজে আসে না, তেমনি ড. মুহাম্মদ ইউনূস ছাড়া গ্রামীণ ব্যাংক অর্থহীন। কাজেই তাঁর বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও গ্রামীণ বাংকের সাধারণ সদস্য, আমানতকারী এবং শিক্ষাবৃত্তি ও ঋণসুবিধা পাওয়া হতদরিদ্র শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা তাঁর পাশে দাঁড়াবেন।’পাকুন্দিয়া: সকাল ১০টার দিকে গ্রামীণ ব্যাংক পাকুন্দিয়া আঞ্চলিক কার্যালয়ের অধীন ১০টি শাখার প্রায় সাত-আট শ সদস্য, আমানতকারী ও কর্মকর্তা-কর্মচারী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরের কলেজ সড়কে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. খালেকুজ্জামানের অভিযোগ—মানববন্ধন শুরুর কিছুক্ষণ পর কৃষক লীগের উপজেলা শাখার সাবেক সভাপতি বাবুল আহমদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে ১০-১৫ জন ব্যক্তি লাঠিসোটা নিয়ে হামলা চালায় এবং ব্যানার-ফেস্টুন ছিনিয়ে নিয়ে সেগুলোতে অগ্নিসংযোগ করে। আতঙ্কিত লোকজন দ্রুত ঘটনাস্থল ছেড়ে গেলে কর্মসূচি পণ্ড হয়ে যায়।বাবুল আহমদ ও শফিকুল ইসলাম বলেন, মানববন্ধনে অংশগ্রহণকারী কয়েকজনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়েছে। হামলা কিংবা ব্যানার-ফেস্টুনে অগ্নিসংযোগের বিষয়ে তাঁরা কিছুই জানেন না। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। লালপুর: গ্রামীণ ব্যাংকের গোপালপুর শাখা সূত্র জানায়, ঈশ্বরদী এরিয়া ম্যানেজার জীবন চন্দ্র রায় ও প্রোগ্রাম অফিসার ছামিউল হকসহ ঈশ্বরদী এরিয়ার নয়টি শাখার কর্মী, আমানতকারী ও এলাকার সচেতন নাগরিকেরা মানববন্ধন কর্মসূচি পালনের উদ্দেশ্যে নাটোরের লালপুর উপজেলা পরিষদের দিকে যাত্রা করলে উপজেলার গোপালপুর রেলগেটে পুলিশ তাঁদের বাধা দেয়। এ কারণে কর্মসূচি পণ্ড হয়ে যায়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, এ উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পালনে অনুমতি নেই।এ ছাড়া নেত্রকোনার পূর্বধলা, পিরোজপুর, ময়মনসিংহের নান্দাইল, জয়পুরহাটের কালাই, কক্সবাজার, ঢাকার নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ, বরগুনার আমতলী, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন ঢাকার বাইরের আমাদের প্রতিনিধিরা]