ইউনূসকে অব্যাহতির সমালোচনা করলেন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেওয়ার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘ইউনূসকে নিয়ে যা করা হচ্ছে তা ঠিক হচ্ছে না। একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মান করা হচ্ছে।’গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বারের পরিচালকদের সঙ্গে মতবিনিময়কালে এরশাদ এ কথা বলেন। চেম্বার মিলনায়তনে এই মতবিনিময় হয়। তিনি বলেন, ‘জীবনের শেষ নির্বাচন মহাজোটের সঙ্গে করতে চাই। আমার বয়স এখন হানড্রেড মাইনাস টোয়েনটি। কাজেই আগামী নির্বাচনই হবে আমার জীবনের শেষ নির্বাচন।’আলোচনার শুরুতে এরশাদ নিজের অতীত কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, ‘দেশের জন্য কাজ করেছি। ব্যক্তির জন্য করিনি। তৈরি পোশাকশিল্প, বন্ডেড ওয়্যার হাউস, ব্যাক টু ব্যাক এলসি আমিই চালু করেছিলাম। ঢাকা থেকে মানুষ মুক্তি চায়। তাই চট্টগ্রামে চা বোর্ড ও শিপিং করপোরেশনের কার্যালয় স্থানান্তর করেছিলাম। চট্টগ্রামে ৪২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র আমিই প্রতিষ্ঠা করেছিলাম। যমুনা সেতু কিংবা কর্ণফুলী সেতু সব আমিই শুরু করেছিলাম। এরই ধারাবাহিকতায় দেশ এগিয়ে চলেছে।’ এর আগে চট্টগ্রাম চেম্বারের পরিচালক সৈয়দ জামাল আহমেদ বলেন, ‘মহাজোটে ঐক্যের জন্য আপনার প্রয়োজন আছে। আপনি এদিক-ওদিক বললে আমরা হতাশ হয়ে যাই।’ অপর পরিচালক মাহবুবুল ইসলাম, মাহফুজুল হক শাহ, শফি চৌধুরী প্রমুখ এরশাদের প্রশংসা করে বক্তব্য দেন।সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বলেন, চট্টগ্রাম বিমানবন্দর ও যমুনা সেতুর স্বপ্নদ্রষ্টা এরশাদ। ১০০ বছর পর দেশের কী অবস্থা হবে তা চিন্তা করে তিনি উন্নয়নকাজ করেছিলেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন।এসব বক্তব্যের পর এরশাদ বলেন, ‘আমি যেখানে যাচ্ছি মানুষের ভালোবাসা পাচ্ছি। সিলেটে গিয়ে দেখি মানুষ আমার জন্য পাগল হয়ে গেছে।’ তিনি বর্তমান সরকার সম্পর্কে বলেন, সফলতা-ব্যর্থতা সব সরকারের থাকে। তবে অতীতের চেয়ে বর্তমান সরকারের ব্যর্থতা অনেক কম।জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সংসদে কথা বলতে গেলে ভদ্রলোক থাকা যায় না। দেশ ও মানুষের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে আলোচনা না করে এখানে মানুষের অতীত নিয়ে টানাটানি শুরু হয়।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, সাংসদ এইচ এম গোলাম রেজা, নুর ই হাসনা লিলি, সালমা ইসলাম ও মেহজাবিন মোরশেদ।