ইউনূসকে কলঙ্ক লেপন করা হলে জাতি কাউকে ক্ষমা করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মানে ইউনূস, ইউনূস মানে বাংলাদেশ। গ্রামীণের অবদান আজ পৃথিবীময় স্বীকৃতি পেয়েছে। কিন্তু বর্তমান সরকার তাঁকে নিয়ে কুৎসা রটনায় নেমেছে। তাঁর প্রতি প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে। সরকার গোলমেলে কিছু করার চেষ্টা করছে। আমরা বুঝি না, ইউনূসকে, বাংলাদেশকে, বাংলাদেশের পতাকাকে নিচে নামালে কার কী লাভ। তবে তাঁকে এভাবে কলঙ্ক লেপন করা হলে জাতি কাউকে ক্ষমা করবে না।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের জামালখানে প্রেসক্লাব ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে নোবেলজয়ী ড. ইউনূস সুহূদ চট্টগ্রাম। সংগঠনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান এতে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনূস সুহূদের অন্যতম সংগঠক চিকিৎসক ওয়াহিদুল আলম, মইনুল ইসলাম মাহমুদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি চন্দন দাশ, আশরাফ খান, অধ্যাপক আবুল কাসেম, প্রকৌশলী রশীদ আহমেদ চৌধুরী, চিবিৎসক এম এ জাফর, সাবেক ব্যাংকার সৈয়দ আবদুর রহমান, মানবাধিকারকর্মী এস এম এবাদুল্লাহ প্রমুখ।