ইউনূসকে চেয়ারম্যান ও কর্মচারীদের সুরক্ষা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির সাবেক সভাপতি ছগীরুল রশীদ চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে সারা দেশে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এক ঘণ্টা কর্মবিরতি পালিত হয়েছে। গতকাল সোমবার রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালিত হয়। গ্রামীণ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে অংশ নেন। এ সময় তাঁদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ছিল।কর্মবিরতির সময় সাংবাদিকদের কাছে কর্মচারী সমিতির পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য দেওয়া হয়। এ ছাড়া ছগীরুল রশীদ তাঁকে অপহরণ ও নির্যাতনের ঘটনা বর্ণনা করেন। লিখিত বক্তব্যে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়োগ দিয়ে গ্রামীণ ব্যাংকের ৮৩ লাখ সদস্য ও ২৬ হাজার কর্মীর পরিবারকে ঝুঁকির হাত থেকে সুরক্ষার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয়। ছগীরুল বলেন, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় মিরপুর শাহ আলীরবাগ এলাকায় যাওয়ার পথে কয়েকজন লোক তাঁকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। কপালে ও বুকে পিস্তল ধরে চিৎকার করতে নিষেধ করে। কিছুক্ষণ পর মাইক্রোবাসটি একটি বাড়ির (একতলা ভবন) সামনে গিয়ে থামে এবং তাঁকে একটি কক্ষে নিয়ে যায়। ছগীরুল আরও বলেন, একটি অন্ধকার কক্ষে তাঁকে নিয়ে সারা শরীরে আঘাত করা হয়। জানতে চাওয়া হয়, মুহাম্মদ ইউনূস তাঁদের আন্দোলন করতে কত টাকা দিয়েছেন, বিদেশিরা এ জন্য কত টাকা দিয়েছে। তাঁরা কেন ইউনূসকে গ্রামীণ ব্যাংক ক্যাম্পাস থেকে বের করে দিচ্ছেন না। তিনি দাবি করে বলেন, তাঁকে অপহরণকারীদের আচরণ গোয়েন্দা সংস্থার সদস্যদের মতো। মুহাম্মদ ইউনূসের পক্ষে আন্দোলন ও কর্মসূচি পালন না করার শর্তে ছগীরকে ছেড়ে দেওয়া হয়। কর্মবিরতি পালনের সময় গ্রামীণ ব্যাংকের মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক নুরজাহান বেগমসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছেন গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি নারায়ণগঞ্জ অঞ্চলের নেতারা। গতকাল দুপুরে স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি নারায়ণগঞ্জ জোনের সভাপতি কামরুল হাসান। এ ছাড়া মুন্সিগঞ্জ, সিরাজদিখান, ঢাকার নবাবগঞ্জ, নারায়ণগঞ্জের আড়াইহাজার, রূপগঞ্জসহ বিভিন্ন অঞ্চলের গ্রামীণ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সমিতির নেতারাও একই দাবিতে পৃথকভাবে বিবৃতি দিয়েছেন।