ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট হোসে মানুয়েল বারাসোর সঙ্গে সাক্ষাৎ করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। গত বৃহস্পতিবার ফ্রান্সের স্ট্রসবার্গে বারাসোর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তাঁরা বিশ্বজুড়ে ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার প্রসারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভূমিকা নিয়ে আলোচনা করেন। গতকাল শুক্রবার ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠককালে সামাজিক ব্যবসার প্রতি ব্যক্তিগতভাবে সমর্থন দেওয়ায় বারাসোকে ধন্যবাদ জানান ড. ইউনূস। ইসির প্রেসিডেন্ট বারাসো বলেন, সামাজিক ব্যবসাকে শক্তিশালী করার অর্থ কেবল ন্যায়বিচার প্রতিষ্ঠা করা নয়, বরং সবচেয়ে দরিদ্রতম মানুষকে সাহায্য করা। তিনি বলেন, তাই বিশ্বজুড়ে ক্ষুদ্রঋণ প্রকল্পগুলোর প্রতি প্রকৃত সহায়তা অব্যাহত রাখবে ইসি।এ ছাড়া ইউরোপীয় পার্লামেন্টে সামাজিক ব্যবসা সম্প্রসারণে সহায়ক আইন প্রণয়নের বিষয়ে আলোচনা করেন ইউনূস ও বারাসো। এরপর ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট জার্জি বুজেকের সঙ্গেও দেখা করেন অধ্যাপক ইউনূস।জার্জি বুজেক এক বিবৃতিতে বলেন, বিশ্বজুড়ে ক্ষুদ্রঋণ-ব্যবস্থাকে সমর্থন দেওয়া উচিত। এ ছাড়া বাংলাদেশে বিদ্যমান ক্ষুদ্রঋণ-ব্যবস্থার বিভিন্ন সুযোগ সুবিধাকে বিশেষভাবে স্বাগত জানান তিনি।পোল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী বুজেক ড. ইউনূস উদ্ভাবিত সামাজিক ব্যবসার ধারণার প্রশংসা করেন এবং নতুন অংশীদারদের এ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করার জন্য কাজ করে যাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন। ইউএনবি।