ইউনূসকে হেনস্তা করতে উঠেপড়ে লেগেছে সরকার: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

অবৈধ আয় ও কর ফাঁকির অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।তিনি বলেছেন, গোটা বিশ্ব যেখানে ড. ইউনূসকে সম্মানের চোখে দেখে, সেখানে তাঁর নিজ দেশের সরকার তাঁকে হেনস্তা করতে উঠেপড়ে লেগেছে। এই আচরণে বিশ্বের কাছে গোটা জাতির মাথা হেঁট হচ্ছে।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে এরশাদ এ মন্তব্য করেন। বিবৃতিতে এরশাদ বলেন, ‘আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, সরকার দুরভিসন্ধিমূলকভাবে নোবেল বিজয়ী ড. ইউনূসকে হেনস্তা ও অপদস্থ করার জন্য মামলাসহ তাঁকে বিশ্ব দরবারে হেয়প্রতিপন্ন করার বিভিন্ন পদক্ষেপ নিতে উদ্যত হচ্ছে।’
বিবৃতিতে বলা হয়, ‘ড. ইউনুস এই দেশের একজন সাধারণ ব্যক্তি নন— তিনি সেই ব্যক্তি যিনি এই দেশের প্রথম নোবেল বিজয়ী ব্যক্তিত্ব এবং তাঁর পরিচালিত গ্রামীণ ব্যাংকও যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেছে। ড. ইউনূস সেই ব্যক্তি যিনি ক্ষুদ্র ঋণ প্রকল্প প্রবর্তনের মাধ্যমে দারিদ্র্য নিরসনের পথ উন্মুক্ত করেছেন। ফলে তিনি কেবল দেশেই নন, আন্তর্জাতিক অঙ্গনেও গ্রামীণ ব্যাংককে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। তিনি শুধু নিজেকেই নন, দেশকেও বিশ্ব দরবারে সম্মানিত করেছেন। গোটা বিশ্ব তাঁকে সম্মানের চোখে দেখে। অথচ, তাঁর নিজ দেশের সরকার তাঁকে হেনস্তা করা, অসম্মান করা এবং অপমানিত করার জন্য উঠেপড়ে লেগেছে।’

বিবৃতিতে এরশাদ বলেন, ‘ড. ইউনূস বিশ্বে সম্মানিত ও সমাদৃত ব্যক্তিত্ব হয়েও যদি এই সরকারের হয়রানি ও নিরাপত্তাহীনতার শিকার হন, তাহলে আমাদের দেশের সাধারণ মানুষ কত অসহায়, তা বলার অপেক্ষা রাখে না।’ বিবৃতিতে ড. ইউনূসের প্রতি ‘হিংসামূলক আচরণ’ বন্ধ করে তাঁকে যথাযথ সম্মান দিতে সরকারের প্রতি আহ্বান জানান এরশাদ।

উল্লেখ্য, অবৈধ আয় ও কর ফাঁকির অভিযোগে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ড. ইউনূসের বিরুদ্ধে এসব অভিযোগ তোলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইনি ব্যবস্থা নেওয়ার এ সিদ্ধান্ত এসেছে মন্ত্রিসভার বৈঠকে। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।