ইউনূসের অব্যাহতির প্রতিবাদে ফেসবুক গ্রুপের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে ‘ইউনাইট ফর ইউনূস’ নামের একটি ফেসবুক গ্রুপ। তবে এই গ্রুপের সদস্য নন—এমন অনেকেও সংহতি প্রকাশ করে মানববন্ধনে যোগ দেন। গতকাল শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।আয়োজকেরা জানান, নোবেলজয়ী ড. ইউনূসের ‘সম্মান রক্ষার্থে’ দিন দশেক আগে ‘ইউনাইট ফর ইউনূস’ নামের ফেসবুক গ্রুপটি খোলা হয়। ইতিমধ্যেই এর সদস্যসংখ্যা পাঁচ হাজারে উঠেছে। ফেসবুকের মাধ্যমে নির্ধারিত সময়ে সবাই সমবেত হয়ে মানববন্ধন শুরু করেন। প্রত্যেকেরই বুকে ছিল গ্রামীণ চেকের তৈরি একটি ব্যাজ।মানববন্ধন বিকেল সাড়ে চারটায় শুরু হয়ে চলে সাড়ে পাঁচটা পর্যন্ত। জাদুঘর থেকে মানববন্ধনে অংশ নেওয়া মানুষের সারি পৌঁছায় কবি কাজী নজরুল ইসলামের সমাধি পর্যন্ত। বাংলাদেশে কর্মরত ও পড়াশোনা করা আট বিদেশিসহ শ পাঁচেক মানুষ মানববন্ধনে অংশ নেন। তাঁদের হাতে ছিল ‘নোবেলজয়ী ড. ইউনূসকে অপমান করে দেশ ও জাতিকে অপমান করার অধিকার কারও নেই’, ‘নোবেল পুরস্কারের মর্যাদা রাখতে হবে, রাখতে হবে’, ‘শকুনের কবলে বিশ্বের বিস্ময়’, ‘উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড পিস’, ‘ড. ইউনূস ইজ আওয়ার লিডার’, ‘ড. ইউনূস ইজ আওয়ার ইন্সপিরেশন’—এ ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড।নাম প্রকাশ করতে না চাওয়া স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘ড. ইউনূসকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া অন্যায়। সরকার যেন দ্রুত এর একটা সুষ্ঠু সমাধান করে সেটাই সবার প্রত্যাশা।’মানববন্ধনে অংশ নেওয়া বিদেশিদের মধ্যে ছিলেন ক্ষুদ্রঋণ নিয়ে পড়াশোনা করতে গত বছর বাংলাদেশে আসা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেসি স্মিথ। স্মিথ প্রথম আলোকে বলেন, ‘ক্ষুদ্রঋণ ভালো কি মন্দ সেটা আমি জানি না। আমি জানি ড. ইউনূস একজন ভালো মানুষ। তিনি তো দুর্নীতি করেননি। বয়সের কারণে তাঁকে অপসারণ করা হয়েছে। আমি মনে করি না বয়স কোনো বাঁধা।’ইতালির তরিনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারিও রসি এক সেমিস্টার পড়াশোনা ও ড. ইউনূসের প্রবর্তিত ধারণা ‘সামাজিক ব্যবসা’ নিয়ে গবেষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন। প্রথম আলোকে রসি বলেন, ‘আপনাদের দেশে ক্ষুদ্রঋণ কার্যক্রম ভালো চলছে। আর যে ব্যাংকটি সফলভাবে এ কাজ চালাচ্ছে তাকে সরকার নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। এই ব্যাংক থেকে অব্যাহতি দিয়ে ড. ইউনূসের প্রতি অন্যায় করা হয়েছে।’