ইউনূসের আবেদনের শুনানি ৪ এপ্রিল পর্যন্ত মুলতবি
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতির বিরুদ্ধে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের রিট আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা দুটি আবেদনের শুনানি ৪ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি মুলতবি করেন।কেন্দ্রীয় ব্যাংক ২ মার্চ এক আদেশে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. ইউনূসকে অব্যাহতি দেয়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি প্রধান নির্বাহী-সম্পর্কিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ-১৯৮৩-এর ১৪(১) ধারার বিধান অনুযায়ী মুহাম্মদ ইউনূসের এই পদে বহাল থাকা আইনগতভাবে বৈধ নয় বলে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক। অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ৩ মার্চ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক হাইকোর্টে দুটি রিট আবেদন করেছিলেন।তিন দিন শুনানি শেষে ৮ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিট আবেদন দুটি সরাসরি খারিজ করে দেন। পরে ৯ মার্চ হাইকোর্টের আদেশের স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে দুটি আবেদন (সিএমপি) করা হয়। এর পরিপ্রেক্ষিতে ওই দিন চেম্বার বিচারপতি ১৫ মার্চ আবেদন দুটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি (স্ট্যান্ড ওভার) করেন। গতকাল আবেদন দুটি শুনানির জন্য কার্যতালিকায় আসে।গতকাল সকালে শুনানিতে অংশ নিয়ে ইউনূসের পক্ষে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ বলেন, ‘আমরা এখনো রায়ের প্রত্যায়িত অনুলিপি পাইনি।’ একপর্যায়ে আদালত ৪ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করেন।আদালতে শুনানিকালে ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী কামাল উল আলম, সারা হোসেন, মুস্তাফিজুর রহমান খান ও তানিম হোসাইন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন তৌফিক নেওয়াজ।বিকেলে তানিম হোসাইন প্রথম আলোকে বলেন, ‘সিএমপি আবেদন দুটির শুনানি ৪ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে হাইকোর্টের প্রত্যায়িত অনুলিপি পেয়েছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়মিত লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) বিষয়টি প্রক্রিয়াধীন আছে।