ইউনূসের নেতিবাচক প্রচার বিনিয়োগের পরিপন্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সংবাদমাধ্যমে বিকৃতভাবে খবর প্রচারের জন্য ভারতের নোবেল বিজয়ী অমর্ত্য সেনের কাছে ক্ষমা চেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল শনিবার অর্থমন্ত্রী এক বিবৃতিতে এ কথা বলেন। বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতিবাচক প্রচারণা ও গ্রামীণ ব্যাংক নিয়ে গত দুই বছরের ঘটনাবলি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন দেন অর্থমন্ত্রী।বিবৃতিতে অর্থমন্ত্রী বলেন, ইউনূসের নেতিবাচক অবস্থান এবং প্রচার বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিপন্থী। তাঁর প্রচারে পুরোপুরি সততা নেই। দুই বছর ধরে অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে অনবরত আশঙ্কা প্রকাশ করে যাচ্ছেন এবং প্রচার করছেন যে সরকার এই উদ্যোগকে ধ্বংস করতে চায়। এই প্রচারের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। এটি দেশের জন্য বেশ ক্ষতিকারক। এই অভিমতটি অর্থমন্ত্রীর ব্যক্তিগত অভিমত এবং এ নিয়ে তিনি অন্য কারও সঙ্গে আলোচনা করেননি।গ্রামীণ ব্যাংক নিয়ে পর্যালোচনা কমিটি প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, অর্থমন্ত্রী তাঁর দায়িত্বের অংশ হিসেবে একটি পর্যালোচনা কমিটি (অধ্যাপক ইউনূসের প্রতি সম্মান দেখিয়ে তদন্ত কমিশনের পরিবর্তে পর্যালোচনা কমিটি) গঠন করেন। অধ্যাপক ইউনূসের সঙ্গে বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহা করার উদ্যোগ নেন। অর্থমন্ত্রী অধ্যাপক ইউনূসকে প্রস্তাব দেন যে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলে তাঁকে গ্রামীণ ব্যাংকের সঙ্গে আজীবন সম্পর্ক রাখার একটি সুযোগ সৃষ্টি করা যেতে পারে। অধ্যাপক ইউনূস সেই সুযোগটি গ্রহণ না করে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন।বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ইউনূসের সমর্থকদের প্রচারে গ্রামীণ ব্যাংক থেকে এক সময় অনেক আমানত তুলে নেওয়া হয়। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম পরিচালনায় অসুবিধা সৃষ্টি হয়। ২০১১ সালে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম ব্যাপকভাবে প্রসার লাভ করে, সদস্যদের সঞ্চয়ও বাড়ে এবং বাস্তবে ঋণ আদায়ও ভালো হয়।গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ইউনূসের সমর্থকেরা দাবি করেন, এমডি নিয়োগে অনুসন্ধান কমিটির আহ্বায়ক হবেন অধ্যাপক ইউনূস। এই প্রস্তাব সরকারের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। গ্রামীণ ব্যাংকের সুষ্ঠু পরিচালনার খাতিরে উপযুক্ত ব্যবস্থাপনা পরিচালকের আশু নিযুক্তি অত্যন্ত জরুরি। এই উদ্দেশ্যে সরকার এই অনুসন্ধান কমিটি নিয়োগের জন্য পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে ক্ষমতা প্রদান করে। সেই অনুযায়ী একটি অনুসন্ধান কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। তারা তাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের কাজে সরকার কোনো ধরনের প্রভাব বিস্তার করতে চেষ্টা করছে না। অচিরেই তাদের প্রস্তাব অনুযায়ী একজন উপযুক্ত এমডি পাওয়া যাবে।গ্রামীণ ব্যাংকের সামাজিক উদ্যোগগুলোর সমালোচনা করে বলা হয়, এসব উদ্যোগে গ্রামীণ ব্যাংকের কোনো হিস্যা ছিল না। এমনকি গ্রামীণফোনেও গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ার নেই। সামাজিক উদ্যোগের যে ব্যাপক জাল অধ্যাপক ইউনূস ছড়িয়েছেন, তাদের কর্মকাণ্ড নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে। ইতিমধ্যে ২০টি প্রতিষ্ঠান আর সামাজিক উদ্যোগ হিসেবে বহাল নয়। তারা হয় ব্যবসা গুটিয়ে নিয়েছে অথবা দেউলিয়া হয়েছে অথবা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সামাজিক প্রতিষ্ঠানগুলোর সিংহভাগের চেয়ারম্যান অধ্যাপক ইউনূস, যাঁর পরিচয় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিবন্ধিত। অধ্যাপক ইউনূসের সঙ্গে এই বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করার উদ্দেশ্য নিয়েই সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি। সরকার বিষয়টি সুরাহা করার জন্য বিশ্বব্যাংকের প্রতিষ্ঠান আইএফসিকে অনুরোধ করে। কিন্তু তারা কোনো কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বলে এই দায়িত্বটি নিতে অসম্মতি জ্ঞাপন করে। অতঃপর এই বিষয়টি পরীক্ষা করে দেখার জন্য একটি অত্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন সরকার গঠন করেছে। এতেও অধ্যাপক ইউনূসের ঘোর আপত্তি রয়েছে।বিবৃতিতে বলা হয়, গত তিন বছর অর্থমন্ত্রীকে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, চিন্তাবিদ এবং অন্যান্য গুণীজন বারবার প্রশ্ন করেছেন যে অধ্যাপক ইউনূসের সঙ্গে বাংলাদেশ সরকার কেন ঝগড়া করছে এবং তাঁর সঙ্গে একটা সমঝোতা কেন হচ্ছে না। আর্থিক খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও এই খাতের নেতাদের কাছে অর্থমন্ত্রী সব সময়ই প্রশ্নবিদ্ধ হয়েছেন। তাঁদের প্রশ্ন ছিল, অধ্যাপক ইউনূসের কারণে বাংলাদেশে বৈদেশিক সম্পদ প্রবাহ কি কোনোভাবে বিঘ্নিত হয়েছে? অর্থমন্ত্রী প্রত্যুত্তরে সব সময়ই বলছেন যে সহজশর্তে ঋণ এবং অনুদান পেতে কোথাও কোনো ঘাটতি হয়নি বরং গত তিন বছরে সরকারি সহায়তা ব্যাপকভাবে বেড়েছে।