ইউনূসের পক্ষে গ্রামীণ ব্যাংকের ৩৭ লাখ সদস্যের সই
‘গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণগ্রহীতাদের সবাই ধনী হয়ে যাননি। তবে, দরিদ্র মানুষের মনে এই বিশ্বাস জন্মেছে যে তাঁরা দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সক্ষম।’ গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে ড. ইউনূসের সম্মান রক্ষা নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সংহতি সমাবেশে আলোচকেরা এই মন্তব্য করেছেন।গ্রামীণ ব্যাংকের সদস্য, উচ্চশিক্ষা ঋণ নেওয়া ছাত্রছাত্রী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ওই সমাবেশে গ্রামীণ ব্যাংকের সঙ্গে জড়িত ৩৭ লাখ দরিদ্র মানুষের সই করা কাগজ উপস্থাপন করা হয়। ৩৭ লাখ সদস্যের প্রতিনিধি হিসেবে সারা দেশ থেকে ৩৭০ জন দরিদ্র মহিলা প্রেসক্লাবে উপস্থিত ছিলেন। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানান, এই কাগজগুলোকে শুধু সই হিসেবে বিবেচনা না করে দস্তখতকারীদের একেকজন মানুষ হিসেবে বিবেচনা করেন।গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা সিলেটের রুকমা বেগম, রাজশাহীর আমেনা বেগম, দিনাজপুরের আফরোজা বেগম, পাবনার মনোয়ারা বেগম, ফরিদপুরের জাহানারা বেগম এবং উচ্চ শিক্ষায় ঋণপ্রাপ্ত সজল রায়, রায়হান আহমেদ ও আল আমিন— তাঁদের সবার বক্তব্য মোটামুটি এক ছিল। তাঁরা বলেন, যখন তাঁদের পেটে খাবার ছিল না, তখন তাঁদের সহযোগিতায় কেউ এগিয়ে আসেনি। কিন্তু গ্রামীণ ব্যাংক এগিয়ে এসেছিল। প্রবীণ সাংবাদিক এবিএম মূসা সংহতি প্রকাশ করে বলেন, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ড. ইউনূসের অব্যাহতি দেওয়ার বিষয়টি রাজনৈতিক।রাজনীতিবিদ আ স ম আবদুর রব বলেন, ড. ইউনূসকে অপমান করার অর্থ পুরো বাংলাদেশকে অপমান করা।জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জাফর উল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীকে মস্তিষ্ক এবং হূদয় দিয়ে পুরো বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান।অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, সিডওর সাবেক চেয়ারম্যান সালমা খান, উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণার (উবিনীগ) নির্বাহী পরিচালক ফরিদা আখতার, নারীনেত্রী শিরিন হক, সাবেক সাংসদ হুমায়ূন কবীর হিরু প্রমুখ। কমিটির আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীন ড. ইউনূসের বিষয়টির সম্মানজনক সমাধান না হওয়া পর্যন্ত কমিটির কার্যক্রম অব্যাহত রাখা ও জোরদার করার কথা বলেন।