গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতি হিংসামূলক আচারণ বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ক্ষমতাসীন মহাজোটের শরিক এরশাদ এ আহ্বান জানান। তিনি ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মন্ত্রিসভার সিদ্ধান্তকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন।
ড. ইউনূসকে হেনস্তা করার প্রতিবাদ জানিয়ে এরশাদ এই বিবৃতি দেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার দুরভিসন্ধিমূলকভাবে ড. ইউনূসকে হেনস্তা ও অপদস্থ করার জন্য মামলাসহ তাঁকে বিশ্বের দরবারে হেয়প্রতিপন্ন করার বিভিন্ন পদক্ষেপ নিতে উদ্যত হচ্ছে।
এরশাদ বলেন, গোটা বিশ্ব ড. ইউনূসকে সম্মানের চোখে দেখে। অথচ তাঁর নিজ দেশের সরকার তাঁকে হেনস্তা, অসম্মান ও অপমানিত করার জন্য উঠে পড়ে লেগেছে। শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে মামলা করারও প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ড. ইউনূস বিশ্বে সম্মানিত ও সমাদৃত ব্যক্তিত্ব হয়েও যদি এই সরকারের হয়রানি ও নিরাপত্তাহীনতার শিকার হন, তাহলে দেশের সাধারণ মানুষ কত অসহায়, তা বলার অপেক্ষা রাখে না।