ইউনূসের প্রশংসা করলেন অর্থমন্ত্রী

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রাজধানীর পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মিলনায়তনে আজ বুধবার ক্ষুদ্রঋণবিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী ড. ইউনূসের প্রশংসা করে বক্তব্য দেন। এর আগে বিভিন্ন সময় অর্থমন্ত্রীকে ড. ইউনূসের সমালোচনা করতে দেখা গেছে।
আজকের অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ড. ইউনূস ক্ষুদ্রঋণের স্থপতি। দারিদ্র্য বিমোচন, আত্মকর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নে বিশেষ ধরনের এ ঋণ ব্যবস্থার অবদান রয়েছে।
ক্ষুদ্রঋণে এ দেশের দীর্ঘ ইতিহাস রয়েছে উল্লেখ করে মুহিত বলেন, নব্বইয়ের দশকে ব্যাপকভাবে সম্প্রসারিত হয় ক্ষুদ্রঋণ ব্যবস্থা। ঋণ ব্যবস্থাটি কিছুটা সীমাবদ্ধতার মধ্য দিয়ে এগোচ্ছিল। তবে একে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দায়িত্ব নেয় পিকেএসএফ, যাতে বিশ্বব্যাংক কার্যকর সহায়তা দেয়।
বিশেষ অতিথির বক্তব্যে পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, সামান্য কিছু টাকা ঋণ দিয়ে সাপ্তাহিক কিস্তিতে সুদসহ আবার ফেরত নেওয়ার মাধ্যমে ক্ষুদ্রঋণের কোনো সার্থকতা নেই, ঋণগ্রহীতারও তেমন উপকার হয় না। প্রয়োজনীয় ঋণ দিয়ে গ্রাহকদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতির দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন।
সম্প্রতি পরিচালিত এক গবেষণা জরিপের তথ্য তুলে ধরে খলীকুজ্জমান বলেন, গবেষণার ফলাফলে দেখা গেছে ক্ষুদ্রঋণ গ্রহণকারী মাত্র ৯ দশমিক ৪ শতাংশ গ্রাহক দারিদ্র্যসীমার ওপরে উঠে আসতে সক্ষম হয়েছে।
আইওআরএর পরিচালক ফেরদৌস দাহিয়ান তাঁর বক্তব্যে বাংলাদেশকে ক্ষুদ্রঋণের রোল মডেল বলে অভিহিত করেন। তিনি অবশ্য এ-ও বলেন, ক্ষুদ্রঋণের ব্যাপক প্রসার সত্ত্বেও ২৫ শতাংশ দরিদ্র মানুষ এখনো এ সুবিধা পাচ্ছে না।
‘প্রমোটিং মাইক্রোফিন্যান্স ফর ইকোনমিক ডেভেলপমেন্ট ইন আইওআরএ রিজিয়ন’ শীর্ষক দুই দিনের এ কর্মশালা আজ থেকে শুরু হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, পিকেএসএফ ও ইন্ডিয়ান ওশ্যান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) যৌথ আয়োজনে কর্মশালায় ১২টি দেশের ১৯ জন প্রতিনিধি অংশ নেন।