ইউনূসের বক্তব্য অযাচিত: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের আগামী নির্বাচন নিয়ে দেওয়া বক্তব্য অযাচিত ও রাজনৈতিক। আজ শুক্রবার দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে আওয়ামী সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খবর বাসসের।

মুহাম্মদ ইউনূসের উদ্দেশে নাসিম বলেন, ‘নোবেল বিজয়ী হিসেবে আমরা আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু অযাচিত রাজনৈতিক বক্তব্য দিয়ে আপনি নিজেকে ছোট করেছেন। দয়া করে নিজের সম্মান নিজে নষ্ট করবেন না। এ রকম অযাচিত রাজনৈতিক বক্তব্য দিয়ে নিজেকে বিতর্কিত করবেন না।’

মুহাম্মদ ইউনূস গতকাল বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘নির্দলীয় সরকারের অধীন ছাড়া শান্তিপূর্ণভাবে আগামী সংসদ নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই।’ এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ মোহাম্মদ নাসিম উল্লিখিত মন্তব্য করেন।

ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে নাসিম বলেন, ‘আপনি (ইউনূস) দেশের একজন সম্মানিত ব্যক্তি। কিন্তু আপনি কখনো টুঙ্গিপাড়ায় এ দেশের স্থপতি বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা জানাতে যাননি। ১৬ ডিসেম্বর স্মৃতিসৌধে যান না। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ও দেশের ইতিহাস নিয়ে কোনো কথা বলেন না। দেশের দুর্যোগের সময়ে আপনাকে পাওয়া যায় না। কিন্তু কার ইশারায় আপনি অযাচিত বক্তব্য দেন?’

সরকার সবার অংশগ্রহণে আগামী নির্বাচন করতে চায়—উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, আগামীতে সংবিধান অনুযায়ী নির্বাচন হোক, এটা সবাই চায়। কিন্তু কিছু ব্যক্তির নির্বাচন নিয়ে অতিরিক্ত নসিহতের কারণে জনগণের মধ্যে একটা আশঙ্কা ঢুকে গেছে। তিনি বলেন, ‘দেশি হোক, বিদেশি হোক কারও নসিহতে আমরা নির্বাচন করব না। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির যদি কোনো রূপরেখা থাকে, তবে সংসদে উপস্থাপন করতে পারে। এখনো সুযোগ আছে।’

সংগঠনের সভাপতি কবি মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য দেন।