ইউনূসের বিষয়ে সম্মানজনক সমাধান চায় যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক বলেছেন, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে মুহাম্মদ ইউনূসের অব্যাহতির বিষয়টির সম্মানজনক সমাধান চায় যুক্তরাষ্ট্র।গতকাল শনিবার বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর যৌথ সংবাদ সম্মেলনে সফররত মার্কিন মন্ত্রী এ কথা বলেন। রবার্ট ব্লেক বলেন, গ্রামীণ ব্যাংক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা অনেক মানুষের কর্মস্থল। বিশেষ করে অনেক নারী এতে কাজ করেন। সে জন্য খালেদা জিয়াও চান বিষয়টির ভালো সমাধান হোক।গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে বিরোধীদলীয় নেতা বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রকে আরও ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।খালেদা জিয়ার সঙ্গে ব্লেকের বৈঠক চলে সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, ওসমান ফারুক, সাবিহ উদ্দিন আহম্মেদ, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে রবার্ট ব্লেক বলেন, ‘আমরা ড. ইউনূসের বিষয়টি সম্পর্কে অবগত এবং গুরুত্বের সঙ্গে দেখছি। ড. ইউনূস বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্রেও সম্মানিত ব্যক্তি। তাঁর উদ্ভাবিত ক্ষুদ্রঋণ কার্যক্রম যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে চালু করা হয়েছে।’মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বৈঠকে বাংলাদেশের সন্ত্রাস দমন ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে ওসমান ফারুক বলেন, বৈঠকে সন্ত্রাস দমন, অর্থনৈতিক সমস্যা ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও কথা হয়েছে।বাসস জানিয়েছে, ব্লেক আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।আঞ্চলিক সফরের অংশ হিসেবে রবার্ট ও ব্লেক চার দিনের সফরে গতকাল দুপুরে ঢাকায় পৌঁছান।খালেদা সৌদি আরব যাচ্ছেন: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ রোববার রাতে চিকিৎসার জন্য সৌদি আরব যাচ্ছেন। রাত নয়টায় এমিরেটসের একটি বিমানে তিনি ঢাকা ত্যাগ করবেন। বিএনপির নেতার আগামী ২৯ মার্চ ঢাকায় ফেরার কথা।