ইউনূসের সঙ্গে ইউট্যাব ও দুই রাজনীতিকের একাত্মতা প্রকাশ
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) একাত্মতা প্রকাশ করেছে।গতকাল সোমবার ইউট্যাবের সভাপতি আ ফ ম ইউসুফ হায়দার ও মহাসচিব তাহমিনা আখতারের নেতৃত্বে শতাধিক শিক্ষক গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে একাত্মতা প্রকাশ করেন। বিশ্বনন্দিত গ্রামীণ ব্যাংককে ধ্বংসের সরকারি সব অপপ্রয়াসের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন তাঁরা। সম্প্রতি ‘ইউএস কংগ্রেশনাল গোল্ড মেডেল-২০১৩’-এ ভূষিত হওয়ায় শিক্ষকেরা ড. ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। প্রতিনিধিদলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। এদিকে গতকাল জাতীয় পার্টির (জাপা) জ্যেষ্ঠ নেতা কাজী জাফর আহমদ ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী পৃথকভাবে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে একাত্মতা প্রকাশ করেন।কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, পাকিস্তানি হানাদারেরা যদি বাংলাদেশকে ছিনিয়ে নিতে না পেরে থাকে, তাহলে সরকার দেশের দরিদ্র নারীদের গ্রামীণ ব্যাংককে ছিনিয়ে নিতে পারবে না।