ইউনূসের ‘কংগ্রেশনাল গোল্ড মেডেল’ বিলে সই করলেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ী ও ক্ষুদ্রঋণের পথিকৃৎ মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘কংগ্রেশনাল গোল্ড মেডেল’ পুরস্কার পাওয়ার বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অ্যাসিসট্যান্ট সিনেট মেজোরিটি লিডার ডিক ডারবিন এবং সিনেটর রবার্ট বেনেট বিলটি পেশ করেন। গত ২৩ সেপ্টেম্বর মার্কিন প্রতিনিধি পরিষদে ও এর আগে ২০০৯ সালে মার্কিন সিনেটে বিলটি পাস হয়।বিলটি পেশ করার সময় ডিক ডারবিন বলেন, ‘সত্যিকার অর্থেই ড. ইউনূসের এ পদক প্রাপ্য ছিল এবং তাকে বন্ধু হিসেবে সম্বোধন করতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’যুক্তরাষ্ট্রের ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ ও ‘প্রেসিডেন্সিয়াল সিটিজেন্স মেডেল’-এর মতো ‘কংগ্রেশনাল গোল্ড মেডেল’ মার্কিন সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। বিশ্বে দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে অবদান রাখায় ড. ইউনূসকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ডারবিন ও ইউটা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর রবার্ট বেনেট মার্কিন সিনেটে কংগ্রেশনাল গোল্ড মেডেলের জন্য ড. ইউনূসের নাম প্রস্তাব করেন। প্রতিনিধি পরিষদে তাঁর নাম প্রস্তাব করেন ডেমোক্র্যাট প্রতিনিধি রাস হোল্ট ও জিম মোরান এবং রিপাবলিকান প্রতিনিধি জন কার্টার। প্রতিনিধি পরিষদে উপস্থিত ২৯৭ জন সদস্যের সর্বসম্মতিতে এই বিল পাস হয়। বিলের পক্ষে আলোচনায় অংশ নেন ডেমোক্র্যাট রাস হোল্ট, আন্দ্রে কারসন, জিম ম্যাকডারমোট ও ড্যানি ডেভিস এবং রিপাবলিকান স্পেনসার বাসুস।২০১১ সালের প্রথমদিকে সিনেট ও প্রতিনিধি পরিষদের যৌথ আয়োজনে আনুষ্ঠানিকভাবে ড. ইউনূসকে এই পুরস্কার দেওয়া হবে। ড. ইউনূস এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন।২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ড. ইউনূস। ২০০৯ সালে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পুরস্কার লাভ করেন তিনি। এবার পেলেন ‘কংগ্রেশনাল গোল্ড মেডেল’। ড. ইউনূস মাত্র সপ্তম ব্যক্তি হিসেবে এই তিনটি পুরস্কার লাভের কৃতিত্ব অর্জন করলেন। এর আগে মার্টিন লুথার কিং জুনিয়র, এলি ওয়াইজেল, মাদার তেরেসা, নেলসন ম্যান্ডেলা, নরম্যান বারলগ ও অং সান সু চি এই তিনটি পুরস্কার লাভ করেন। বিজ্ঞপ্তি।