বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের জন্য ক্ষতিকর হবে—এমন আশঙ্কা প্রকাশ করে ইউনেসকো সরকারকে যে চিঠি দিয়েছে, আগামী সপ্তাহে তার জবাব দেওয়া হবে।
গতকাল রোববার ‘বিদ্যুৎ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণার ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, সুন্দরবনের ক্ষতির অনেক কারণ বিদ্যমান। সেগুলো না বলে শুধু কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কারণে ক্ষতির কথা বলা উদ্দেশ্যমূলক।
প্রতিমন্ত্রী বলেন, ‘সুন্দরবন সংরক্ষণে সরকার সব সময়ই সচেতন। কারণ, বিশ্বঐতিহ্যের আগে এটা আমাদের জাতীয় সম্পদ।’ তিনি বলেন, সরকার নিশ্চিত, রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের কোনো ক্ষতির কারণ হবে না, বরং উপকার করবে। বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের জন্য ক্ষতিকর অনেক কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে।
গত ছয়-সাত বছরে বিদ্যুৎ খাতের প্রভূত উন্নতি হয়েছে বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই খাতের আরও অনেক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সে ক্ষেত্রে চ্যালেঞ্জও অনেক। অর্থসংস্থান, সময়মতো প্রকল্প বাস্তবায়ন, দক্ষ জনবল তৈরি, প্রাথমিক জ্বালানির সরবরাহ নিশ্চিত করা প্রভৃতি এই খাতের বড় বড় চ্যালেঞ্জ। বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত কর্মশালায় মন্ত্রণালয় ও বিদ্যুৎ খাতের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা অংশ নেন।