ইউনেসকোর জুরি বোর্ডের সভাপতি হলেন সায়মা

অটিজমবিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ হোসেন (পুতুল) আগামী দুই বছরের জন্য ‘ইউনেসকো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার’ সংক্রান্ত আন্তর্জাতিক জুরিবোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত জুরিবোর্ডের এক সভায় সায়মা ওয়াজেদকে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত করেন এর সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সায়মা ওয়াজেদ জুরি হিসেবে দায়িত্ব পালনের জন্য ইউনেসকোর মহাপরিচালক কর্তৃক মনোনীত হন। জুরিবোর্ডের অন্য চার সদস্য হলেন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের স্পেশাল র্যা পোর্টিয়ার কাটালিনা দেবানদাস আগুইলার, আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত লেবাননের সাংবাদিক মে শিডিয়াক, অস্ট্রিয়ার জোহান কেপলার ইউনিভার্সিটির অধ্যাপক ক্লাউস মিয়েসেনবার্গার এবং প্রতিবন্ধী অধিকারসংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের সদস্য মার্টিন বাবু মেসিগুয়া।
উন্নত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনযাত্রা উন্নয়নে অসামান্য অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার জন্য ইউনেসকো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কারটি প্রবর্তিত হয়। কুয়েতের অর্থ সাহায্যে পরিচালিত এই পুরস্কারের আর্থিক মূল্য ২০ হাজার মার্কিন ডলার, যা একজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়।