ইউনেসকোর প্রতিনিধি দল সুন্দরবনে যাচ্ছে আজ
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কারণে সুন্দরবনের ঝুঁকি দেখতে ঢাকায় পৌঁছেছে ইউনেসকোর প্রতিনিধিদল। গতকাল সোমবার প্রতিনিধিদলটির দুই সদস্য ঢাকায় পৌঁছান। পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্র থেকে পাঠানো রিয়েকটিভ মনিটরিং মিশন নামের প্রতিনিধিদলটি আজ সকালে মংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সুন্দরবনে প্রবেশ করবে। তারা রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের স্থান, শ্যালা নদীর যেসব স্থানে গত এক বছরে নৌ-দুর্ঘটনা ঘটেছে, সেসব স্থান পর্যবেক্ষণ করবে।
গতকাল আসা প্রতিনিধিদলের দুই সদস্য হলেন বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের পর্যবেক্ষণ বিশেষজ্ঞ মিজুকি মুড়াই, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচারের (আইইউসিএন) নাউমি ক্লেয়ার। ইউনেসকোর অপর সদস্য ফেনি এডোলফিন ডোভেরের আজ রাতে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
ইউনেসকোর প্রতিনিধিদলটির বাংলাদেশ সফরের সমন্বয়কারী পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব শেখ মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘প্রতিনিধিদলটি সুন্দরবনের যেসব জায়গায় যেতে চেয়েছে আমরা তার ব্যবস্থা করেছি।’
গত বছরের মার্চে ইউনেসকোর বার্ষিক সাধারণ সভায় সুন্দরবনে নৌপথ ও শ্যালা নদীতে তেল ছড়িয়ে পড়ার ব্যাপারে উদ্বেগ জানানো হয়।