ইউনেসকোর প্রতিবেদনের উল্লেখ করে রামপাল চুক্তি বাতিলের দাবি
সুন্দরবনের পাশে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে ইউনেসকোর সর্বশেষ প্রতিবেদনের উল্লেখ করে প্রকল্পটি বাতিল করতে আবারও সরকারের কাছে দাবি জানিয়েছে জাতীয় কমিটি।
গত মঙ্গলবার তোপখানা রোডে নির্মল সেন মিলনায়তনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জরুরি সভায় এ দাবি জানানো হয়।
সম্প্রতি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি-বিষয়ক সংস্থা ইউনেসকো রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের অপূরণীয় ক্ষতির আশঙ্কা করে সরকারের কাছে মতামত পাঠায়।
সভায় জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘ইউনেসকো সরকারকে যে খসড়া রিপোর্ট দিয়েছে, তাতে রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলে আমাদের দাবি ও আন্দোলনের ন্যায্যতা আবারও প্রমাণিত হয়েছে।’
কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আক্ষেপ করে বলেছেন, আন্দোলনকারীদের বক্তব্যের সঙ্গে ইউনেসকোর বক্তব্য মিলে যায়। এর কারণ একটাই—বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত, নির্মোহ যুক্তিনিষ্ঠ বিশ্লেষণ করলে বক্তব্য অভিন্ন হতে বাধ্য। কোম্পানি দ্বারা পরিচালিত না হলে, একগুঁয়েমি ত্যাগ করে নির্মোহ বিচার-বিশ্লেষণ করলে সরকারও একই সিদ্ধান্তে আসবে।
সভায় বক্তারা সরকারকে একগুঁয়েমি ছেড়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ, বিশেষজ্ঞদের মত এবং ক্রমবর্ধমান জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে রামপাল চুক্তি বাতিলসহ সুন্দরবনগ্রাসী সব তৎপরতা বন্ধের দাবি জানানো হয়। সভায় বিভিন্ন জেলা ও বিভাগে সমাবেশ, ভারতের প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি প্রদানে সমাবেশ এবং ২৪-২৬ নভেম্বর ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচির প্রস্তুতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।
শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কল্লোল মোস্তফা, রুহিন হোসেন, শুভ্রাংশু চক্রবর্তী, বজলুর রশিদ, মোশাররফ হোসেন, মোশরেফা মিশু, জোনায়েদ সাকী প্রমুখ।