রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেসকো) আপত্তির বিষয়ে মুখোমুখি আলোচনার জন্য ছয় সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল প্যারিসে গেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে দলটি প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
এই প্রতিনিধিদলে আছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল রিয়াজউদ্দিন আহমেদ, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছউল আলম মন্ডল, পরিবেশ অধিদপ্তরের আরও দুজন এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) একজন কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, প্রতিনিধিদলটি পাঁচ দিনের সফরে গেছে। সফরকালে দলের সদস্যরা রামপাল বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে সরকারের অবস্থান ব্যাখ্যা করবেন। একই সঙ্গে ইউনেসকো তাদের সাম্প্রতিক চিঠিপত্রে প্রকল্পটি সম্পর্কে যেসব বক্তব্য উপস্থাপন করেছে তার জবাব দেবেন এবং কিছু অসংগতির প্রতিও দৃষ্টি আকর্ষণ করবেন। প্রতিনিধিদলটি ফিরে এসে সফরের ফল সম্পর্কে সরকারকে অবহিত করবে।
এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় ইউনেসকোর সর্বশেষ চিঠির জবাব প্রস্তুত করছে। শিগগির তা ইউনেসকোর কাছে পাঠানো হবে বলে সরকারি সূত্র জানিয়েছে।