ইউনেসকোর সুপারিশ সত্ত্বেও রামপাল প্রকল্প বন্ধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল করে প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেওয়ার সুপারিশ করে জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানবিষয়ক সংস্থা ইউনেসকো যে প্রতিবেদন দিয়েছে, বাংলাদেশ সরকার তার জবাব দেবে। একই সঙ্গে প্রকল্পের কাজও চলবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
গতকাল শনিবার রাজধানীতে বিদ্যুৎ ভবনে সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাবের সমন্বিত পরিবেশগত প্রভাব সমীক্ষা প্রতিবেদন নিয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিতর্কের কারণে যেকোনো প্রকল্পে পরিবেশের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ইউনেসকো গত মাসে বাংলাদেশ সরকারকে দেওয়া এক প্রতিবেদনে সুন্দরবন রক্ষার ব্যাপারে চারটি সুপারিশ করে। ৩০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে তারা রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে সুন্দরবনের চার ধরনের ক্ষতির কথা উল্লেখ করে এবং সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল করে তা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সুপারিশ করে। ইউনেসকোর প্রতিবেদনে বলা হয়, এই বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে তা সুন্দরবনের অনন্য জীববৈচিত্রে৵র অপূরণীয় ক্ষতি হবে। প্রতিবেদনে তারা বলেছে, এখনই সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ দিয়ে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যের তালিকায় তারা অন্তর্ভুক্ত করবে না। তবে রামপাল প্রকল্প বাতিলসহ ইউনেসকোর সুপারিশ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। ২০১৭ সালের বিশ্ব ঐতিহ্য কমিশনের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তারা জানিয়েছে।
এ বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘ডিসেম্বরের মধ্যে এর উত্তর দিতে বলেছে জাতিসংঘ। সম্ভাব্য সব বিষয় নিয়েই জবাব তৈরি করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তর এর জবাব দেবে। আমরা আশাবাদী এরপর ইউনেসকো বিষয়টা বিবেচনা করবে।’
এখন প্রকল্প বাতিল করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সরকার এ রকম কোনো সিদ্ধান্ত নেয়নি।