পরিবেশবাদী দুটি সংগঠন দাবি করেছে, সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎকেন্দ্র বিষয়ে ইউনেসকোর অবস্থান সম্পর্কে সরকার অর্ধসত্য বলছে। রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে ইউনেসকোর কোনো আপত্তি নেই—এমন কোনো সিদ্ধান্ত এই সংস্থার বর্তমান সভায় নেওয়া হয়নি।
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রে আয়োজিত ‘সুন্দরবনের কাছে রামপালসহ বাংলাদেশের কয়লা বিদ্যুৎকেন্দ্রের বিজ্ঞান অর্থনীতি: একটি কৌশলগত পর্যালোচনা’ শীর্ষক সভায় সংগঠনের নেতারা এসব কথা বলেন। এই সভার আয়োজন করে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
২ জুলাই পোল্যান্ডের ক্রাকাও শহরে ইউনেসকোর ৪১তম সভা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ইউনেসকো রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ব্যাপারে তাদের আপত্তি তুলে নিয়েছে। একই সঙ্গে সুন্দরবনের নাম বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিল হয়েছে।
গতকাল একই কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের তিনি বলেন, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ব্যাপারে ইউনেসকোর আর কোনো আপত্তি নেই। প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ সুরক্ষার জন্য ইউনেসকোর পক্ষ থেকে কিছু শর্ত দেওয়া হয়েছে। সেগুলো বাংলাদেশ মেনে নিয়েছে।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সভার শুরুতে সভার সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, ইউনেসকোর অধিবেশনে যে সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে সরকার দেশবাসীকে অর্ধসত্য বলেছে। তিনি ইউনেসকোর ওয়েবসাইটে দেওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে বলেন, ইউনেসকো বলেছে, কৌশলগত পরিবেশ সমীক্ষা (এসইএ) এবং পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) সরকারকে করতে হবে।
সভায় বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন অভিযোগ করেন, ইউনেসকোর বর্তমান কমিটি খুব দুর্বল। সরকার লবিং করে ইউনেসকোকে প্রভাবিত করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরূল ইমাম বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ডাহা মিথ্যা বলেছে।
এদিকে, ইউনেসকোর চলমান অধিবেশনে বাংলাদেশের সুন্দরবনকে ঝুঁকিপূর্ণ ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তিকরণের সম্ভাবনা থেকে সাময়িকভাবে অব্যাহতি পাওয়াকে আপাত স্বস্তিদায়ক বলে ব্যাখ্যা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল টিআইবি এক বিবৃতিতে বলেছে, এই সাময়িক স্বস্তি রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ও প্রতিবেশী ভারত সরকারের ওপর সুন্দরবনের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষা নিশ্চিতের চ্যালেঞ্জ ও দায় বহুগুণে বৃদ্ধি করেছে।
রামপালের খরচ হবে ৫০০ কোটি ডলার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অস্ট্রেলিয়াভিত্তিক জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) বিশেষজ্ঞরা বলেছেন, রামপাল বিদ্যুৎ প্রকল্প ভুল বিবেচনার ভিত্তিতে এগিয়ে নেওয়া হচ্ছে। সভায় আইইইএফএর এনার্জি ফিন্যান্সের পরিচালক টিম বাকলি ভারতের কয়লাবিষয়ক সচিবের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা উল্লেখ করে বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রে ভারতের কয়লা ব্যবহারের সম্ভাবনা আছে। ভারতের কয়লার মান নিম্ন, এতে ছাই বেশি হবে এবং ওই কয়লায় বিদ্যুৎ কম উৎপন্ন হবে বলে তিনি মন্তব্য করেন।
টিম বাকলি বলেন, রামপাল বিদ্যুৎ প্রকল্পের খরচ দেড় শ কোটি মার্কিন ডলারের কথা বলা হয়েছিল। সুদ ও করমুক্তির কারণে সেই ব্যয় আরও অনেক বেড়ে যাচ্ছে। এরপর নিয়মিত পশুর নদ খননে ব্যয় আরও বাড়বে। বেড়ে তা প্রায় ৫০০ কোটি মার্কিন ডলারে পৌঁছাবে। এতে বিদ্যুতের দাম অনেক পড়বে।
অনুষ্ঠানে আইইইএফএর জ্বালানি অর্থনীতি বিশ্লেষক সাইমন নিকোলাস বলেন, কয়লায় খরচ বেশি, দূষণ বেশি। নবায়নযোগ্য জ্বালানি বাংলাদেশের জন্য সঠিক বিকল্প।