ইউনেসকোও ভুল বুঝতে পারবে: হাছান মাহমুদ

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে বাংলাদেশ সরকার ইউনেসকোকে যে জবাব দিয়েছে তাতে সংস্থাটি আশ্বস্ত হবে এবং তাদের প্রতিবেদনের বিষয়ে ভুল বুঝতে পারবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তাঁর মতে, লবিং করে রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধীরা ইউনেসকোর মাধ্যমে ভুল তথ্য পরিবেশন করেছে।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের সমর্থনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত মানববন্ধনে হাছান মাহমুদ এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, আমরা আগেই বলেছি ইউনেসকোর প্রতিবেদন বিজ্ঞান নির্ভর নয় এবং আন্দোলনকারীদের দেওয়া ভুল তথ্যের দ্বারা প্রভাবিত। লবিং করে ইউনেসকোর দ্বারা প্রভাবিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আমরা আশা করি, বিশ্ব ব্যাংক যেমন লবিংয়ের কারণে প্রভাবিত হয়ে প্রথমে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছে। পরে তাদের ভুল বুঝতে পেরে আবার অর্থায়ন করতে চেয়েছে। তেমনি সরকারের জবাব পেলে ইউনেসকো তাদের ভুল বুঝতে পারবে।
পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হাছান মাহমুদ বলেন, রামপালের মানুষ বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করে না। তারা বিদ্যুৎ চায়, আলো চায়, উন্নত হতে চায়। আর আপনারা ঢাকা বসে আন্দোলন করেন কোন কারণে? লংমার্চ নিয়ে দক্ষিণাঞ্চলে যাবেন? এতে ওই অঞ্চলের মানুষের দ্বারা ধাওয়া খেতে পারেন, তাই সাবধান।’