ইউনেসকোর দ্বিতীয় শ্রেণির প্রতিষ্ঠান হলো মাতৃভাষা ইনস্টিটিউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইউনেসকোর দ্বিতীয় শ্রেণির (ক্যাটাগরি) ইনস্টিটিউটের স্বীকৃতি পেল । গতকাল শনিবার ইউনেসকোর সদর দপ্তরে ৩৮তম সাধারণ অধিবেশনে এ প্রস্তাব পাস হয় ।
অধিবেশনে জাতিসংঘের ১৯৫টি দেশ ও ৮টি সহযোগী দেশের শিক্ষামন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন । শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ।
শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, ক্যাটাগরি-২ প্রতিষ্ঠান হিসেবে এখন থেকে প্রতিষ্ঠানটি ইউনেসকো পরিচালিত ‘মাতৃভাষা-আশ্রয়ী শিক্ষা’, ‘টেকসই উন্নয়নের জন্য শিক্ষা’ ইত্যাদি কার্যক্রমে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করার সুযোগ পাবে । এ ছাড়া এখন থেকে বাংলাদেশ সরকারের পাশাপাশি ইউনেসকোর লোগো ব্যবহার করতে পারবে এই ইনস্টিটিউট । বিভিন্ন দেশের বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণ ও সম্প্রসারণেও এ প্রতিষ্ঠান কাজ করবে । বিশ্বে এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা এখন এটিসহ ৯৫টি । এর মধ্যে এশিয়া মহাদেশে আছে ৪টি।

২০০১ সালের ১৫ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (বর্তমানেও প্রধানমন্ত্রী) রাজধানীর সেগুনবাগিচায় এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । সেই অনুষ্ঠানে জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনান উপস্থিত ছিলেন । তিনতলা ভবন বিশিষ্ট অবকাঠামো নির্মাণের কাজ ২০০৮ সালের ১১ ফেব্রুয়ারি শুরু হয়ে ২০১০ সালের ২১ ফেব্রুয়ারি শেষ হয় ।
এর আগে ১৯৯৯ সালে ১৭ নভেম্বর ইউনেসকো বাংলাদেশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। বর্তমানে সারা বিশ্বে এ দিনটি পালিত হচ্ছে ।