ইউনেসকোর নির্বাহী বোর্ডে আবারও সদস্য হলো বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনেসকোর নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আগামী চার বছর (২০১৪-২০১৭) মেয়াদের সদস্য হয়েছে বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশ ষষ্ঠবারের মতো ৫৮ সদস্যের নির্বাহী বোর্ডের সদস্য হলো।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত বুধবার ইউনেসকোর সদর দপ্তর প্যারিসে অনুষ্ঠিত নির্বাচনে সংস্থাটির ১৯৫ সদস্যের মধ্যে ভোটদান করে ১৮৫টি দেশ। এর মধ্যে ১৫২ ভোট পেয়ে বাংলাদেশ গ্রুপ-৪-এ (এশিয়া-প্যাসিফিক অঞ্চল) প্রতিদ্বন্দ্বিতাকারী সাতটি দেশের মধ্যে চতুর্থ স্থান দখল করে। গ্রুপ-৪ এর নবনির্বাচিত অন্য সদস্যরা হলো চীন, ভারত, জাপান, নেপাল ও তুর্কমেনিস্তান। 

ইউনেসকোর সাধারণ সভার ৩৭তম অধিবেশন চলাকালে এ নির্বাচন অনুষ্ঠিত হলো। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল অধিবেশনে অংশ নেয়।