ইউনেসকোর প্রতিবেদন দেশের আন্দোলনকারীদের দ্বারা প্রভাবিত

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে ইউনেসকোর দেওয়া প্রতিবেদন বাংলাদেশের আন্দোলনকারীদের দ্বারা প্রভাবিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
হাছান মাহমুদ বলেন, ‘ইউনেসকোর প্রতিবেদনে যে কয়েকটি বিষয়ে উদ্বেগ প্রকাশ হয়েছে, তা পড়ে আমরা অবাক হয়েছি। বিষয়গুলো হাস্যকরও বটে। মনে হয়েছে, প্রতিবেদনটি আমাদের দেশের আন্দোলনকারীদের দ্বারা প্রভাবিত। আশা করি, সরকারের তরফ থেকে ইউনেসকোকে জবাব দেওয়া হবে এবং তাতে তারা আশ্বস্ত হবে।’
আজ সোমবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলের জাতীয় সম্মেলনের জন্য গঠিত প্রচার ও প্রকাশনা উপকমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এসব কথা বলেন।
আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন নির্বাচনে ভূমিকা রাখবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, ২০১৯ সালের আগে নির্বাচনের কোনো সুযোগ এবং সম্ভাবনা নেই। আর নতুন কমিটির আগামী নির্বাচনে ভূমিকা রাখবে। তিনি বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি আর আগের মতো আগুন–সন্ত্রাস করতে পারছে না। এ জন্যই তারা অভিযোগ করছে যে তাদের কথা বলা এবং সভা-সমাবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে না। তাহলে বিএনপির নেতারা প্রতিদিন যে বক্তৃতা করছেন, তা তাঁরা কোন দলের পক্ষে করছেন?
হাছান মাহমুদ জানান, সম্মেলন সামনে রেখে যে প্রকাশনা বের করা হবে, তাতে সরকারের উন্নয়নের পাশাপাশি বিএনপি-জামায়াতের আগুন–সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতাও তুলে ধরা হবে। শহরের সৌন্দর্য যাতে নষ্ট না হয়, সে বিষয়টি বজায় রেখে সম্মেলনের প্রচার-প্রচারণার জন্য ব্যানার–পোস্টার লাগানো হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বদিউজ্জামান ভূঁইয়া, অসীম কুমার উকিল, সানজিদা খানম প্রমুখ।